সুনামগঞ্জে পানি নামলেও বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফেরা যাচ্ছে না
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। গত তিন দিনে ভারী বৃষ্টি হয়নি। পাশাপাশি দিনের বেশির ভাগ সময় রোদের দেখা মিলছে। এতে বাড়িঘর, রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে। তবে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন এখনই বাড়ি ফিরতে পারছেন না। বাড়িঘরে টানা কয়েক দিন পানি জমে থাকায় মেঝে, বেড়াসহ আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি পানিবাহিত নানা রোগও দেখা দিচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরতলির পূর্ব সুলতানপুর এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে এখনো বেশ কয়েকটি ঘর প্লাবিত। আবার কয়েকটি ঘর থেকে পানি নেমে গেছে। এই বাড়িগুলো মূলত হাওরের পারে, কিছুটা নিচু এলাকায়। এখানকার ১৫টি পরিবার ছয় দিন ধরে সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নিয়েছে।
জসিম উদ্দিন (৪০) নামের এক বাসিন্দা নিজের ঘরের ভেতরের দুরবস্থা দেখাচ্ছিলেন। তিনি বলেন, পানি নামলেও এখনই তিনি ঘরে উঠতে পারবেন না। পানিতে ঘরের বেড়া ও মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সংস্কারের পরই তিনি পরিবার নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তাঁর প্রতিবেশী খালেদা বেগমের (৩৪) ঘর থেকে এখনো পানি নামেনি। পরিবারের সাত সদস্য এখনো কলেজের আশ্রয়কেন্দ্রেই আছেন। খালেদা বেগম বলেন, ‘পানি নামলেই তো আসতে পারব না। আগে ঘর ঠিক করতে হবে। হাতে টাকাপয়সা নেই। এখন কী করব চিন্তায় আছি।’
স্থানীয় বাসিন্দা মরম আলী বলেন, ‘এই কয় দিন পানির মাঝেই সময় গেছে। পায়ে ঘা হয়ে গেছে। শরীর চুলকায়। এখন আইলে নানা রোগশোক দেখা দিব। এর লাগি কয়টা দিন পরে আওয়ার চিন্তা কররাম।’
বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, বন্যাকবলিত বিভিন্ন এলাকায় চর্মরোগ, পাতলা পায়খানা, আমাশয়, জ্বরের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তবে বিশুদ্ধ পানি পান করা গেলে অনেক মানুষ রোগবালাই থেকে রক্ষা পাবেন। যেসব এলাকায় নলকূপ পানিতে ডুবে গেছে, সেখানকার মানুষজনকে অব্যশই পানি ফুটিয়ে অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে বিশুদ্ধ করে পান করতে হবে। এ জন্য বিভিন্ন এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা থেকেও পানি নেমেছে। তবে শহরের কালীপুর, হাসনবসত, পাঠানবাড়ি, ওয়েজখালি, বড়পাড়া এলাকার কিছু অংশে এখনো পানি আছে। এসব এলাকার কিছু বাড়িঘরও প্লাবিত আছে।
সম্প্রতি সুনামগঞ্জে টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলায় বন্যা দেখা দেয়। এর মধ্যে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা আক্রান্ত ছিল বেশি। এখন এই দুই উপজেলাসহ অন্য উপজেলায় বন্যার পানি কমেছে। জেলা সদরের সঙ্গে তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। জেলায় প্রায় ২০টি আশ্রয়কেন্দ্রে ৩০০ পরিবার ছিল। অনেক পরিবারই বাড়িঘরে ফিরেছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, তাঁর উপজেলায় পরিস্থিতির এখন অনেকটা উন্নতি হয়েছে। মানুষের বাড়িঘর আর প্লাবিত নেই। অভ্যন্তরীণ কিছু রাস্তাঘাটে পানি আছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন তিনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জের বন্যার্তদের মধ্যে এ পর্যন্ত ১৭৫ মেট্রিক টন চাল, নগদ ১২ লাখ টাকা, চার হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থতির অনেক উন্নতি হয়েছে। কয়েক দিন ভারী বৃষ্টি হয়নি। উজান থেকেও ঢল কম নেমেছে। তাই নদী ও হাওরে পানি কমছে। মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পানি নামছে। অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের বাড়িঘরে ফিরে গেছেন।