সুনামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্তের পর গ্রাম লকডাউন

সুনামগঞ্জে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার জেলার দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই নারীর আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর গ্রামটি লকডাউন করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
করোনাভাইরাসে আক্রান্ত ওই নারীর স্বামী সৌদিপ্রবাসী। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ থেকে সুনামগঞ্জে বিভিন্ন ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হতে ঢাকা ও সিলেটে পাঠানো হচ্ছে। প্রথম দিকে ঢাকায় পাঠানো হলেও এখন সিলেটে সেই পরীক্ষা হচ্ছে। গতকাল শনিবার পর্যন্ত সুনামগঞ্জ থেকে ১৮২ জনের নমুনা পাঠানো হয়। রোববার সুনামগঞ্জে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।
দোয়ারাবাজার উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজ দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনের নির্দেশে ওই গ্রামে যাচ্ছি। আমাদের বলা হয়েছে, কোনো লোকজন যাতে গ্রামের বাইরে না যেতে পারে সেটি নিশ্চিত করার জন্য। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ওই গ্রামের পথে রওনা দিয়েছেন।’
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে প্রথম কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। তিনি একজন নারী। তাঁর বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলায়। এর বেশি তিনি বলতে রাজি হননি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানানোর পরই উপজেলা প্রশাসনকে ওই গ্রাম লকডাউন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আজ বিকেলে এ–সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।