সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আবার অবনতি

সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। সুরমা নদীর পানি আজ সোমবার দুপুর ১২টায় জেলা শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়ছে হাওর এলাকায়। এতে আবারও প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, গত শনিবার থেকে আবার সুনামগঞ্জে ভারী বৃষ্টি হচ্ছে। একই সময়ে ব্যাপক বৃষ্টি হয়েছে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিসহ আশপাশের এলাকায়। এ কারণে পাহাড়ি ঢল নামছে। এতে জেলার প্রধান নদী সুরমাসহ অন্যান্য নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে ১৯০ মিলিমিটার। একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ৩২৬ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টা উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ফুল মিয়া বলেন, শনিবার রাত থেকে পানি বাড়ছে। গ্রামের রাস্তাঘাট আবার প্লাবিত হয়েছে। মানুষের বসতঘরেও আবার বন্যার পানি প্রবেশ করছে। তিনি আরও বলেন, তিন দফা মানুষের বাড়িঘরে বন্যার পানি ঢুকেছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে লোকজন।
জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম জানান, তাঁর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় পাহাড়ি ঢল প্রথমেই আঘাত হানে সেখানে। এতে মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষতি হয় বেশি। এখন পানি বেড়ে তৃতীয় দফায় বাড়িঘর, রাস্তাঘাট আবার প্লাবিত হচ্ছে।

তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকার উত্তর শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ খসরুল আলম জানিয়েছেন, উজানের ঢল ও বৃষ্টিতে হাওর এলাকায় আবার পানি বাড়ছে। পানিবন্দী মানুষ বিপাকে রয়েছে।
এর আগে দুই দফা বন্যাকবলিত হয়ে পড়ে সুনামগঞ্জের হাওর এলাকার বাসিন্দারা। বন্যা দীর্ঘায়িত হওয়ায় তারা এখন রয়েছে চরম দুর্ভোগে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে বন্যায় ১ লাখ ৮ হাজার ১২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মাছের খামারিরা। ক্ষতি হয়েছে রাস্তাঘাটের।
পাউবোর সুনামগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্রথম দফা বন্যা দেখা দেয় ২৫ জুন। এর সপ্তাহখানেক পর পরিস্থিতির যখন উন্নতি হচ্ছিল, তখন ১০ জুলাই থেকে দ্বিতীয় দফায় বন্যা দেখা দেয়। এতে জেলার সব কটি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়ে। বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় লোকজন ভোগান্তিতে পড়ে। বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো জেলা সদরের সঙ্গে তাহিরপুর, ছাতক ও জামালগঞ্জ উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রিতম পাল জানিয়েছেন, উজানে ব্যাপক বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জে পাহাড়ি ঢল নামছে। এতে সুনামগঞ্জের নদী ও হাওরে পানি বাড়ছে। যেহেতু ঢল নামছে এবং একই সঙ্গে সুনামগঞ্জেও বৃষ্টি হচ্ছে তাই জেলার সার্বিক বন্যার পরিস্থিতির অবনতি হতে পারে। এ রকম পরিস্থিতি আরও তিন দিন থাকতে পারে।