সুনামগঞ্জে ব্র্যাকের বিদ্যালয় ঘুরে দেখলেন যুক্তরাজ্যের এমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য হেলেন গ্রান্ট। মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে
প্রথম আলো

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য হেলেন গ্রান্ট। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হেলেন গ্রান্টসহ অন্যরা আজ মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে ব্র্যাক পরিচালিত ওই প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হেলেন গ্রান্ট বিদ্যালয়টি ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা অতিথিদের সুনামগঞ্জের বাউল সম্রাট শাহ আবদুল করিম ও বৈষ্ণব সাধক রাধারমণ দত্তের গান গেয়ে শোনান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করছে। এ জন্য একটি বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে। এটি টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। এই প্রকল্পটি শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে কমিশনের কর্মকর্তা মো. সেলিম রেজা, হাই কমিশনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) কর্মকর্তা ফাহমিদা শবনম ও মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফি রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। হেলেন গ্রান্ট ব্র্যাকের বিদ্যালয় ছাড়াও শান্তিগঞ্জ উপজেলায় জাগরণী চক্রের আনন্দধারা শিক্ষা প্রকল্পের একটি বিদ্যালয় পরিদর্শন করেন।