সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও ঢলে বাড়ছে পানি, বন্যার আশঙ্কা
সুনামগঞ্জে ভারী বৃষ্টির সঙ্গে উজান থেকে পাহাড়ি ঢল নামায় জেলার নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় জেলার প্রধান নদী সুরমার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে গত রোববার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতেও। এতে করে জেলার নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়। এ ছাড়া সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৬০ মিলিমিটার। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর লাউড়েরগড় পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার সুরমা নদীর পানি আজ মঙ্গলবার বেলা তিনটায় বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। এ ছাড়া উজান থেকে ঢলের পানি নামা অব্যাহত থাকায় জেলার হাওরেও পানি বৃদ্ধি অব্যাহত আছে।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সুনামগঞ্জের উজানেই ভারতের বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জি। সেখানে ভারী বর্ষণ হলেই সুনামগঞ্জে ঢল নামে। গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জেও ভারী বৃষ্টি হচ্ছে। তাই সুনামগঞ্জে পানি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে সবিবুর রহমান বলেন, ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকা ঢলের পানিতে প্লাবিত হওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের প্রায় আধা কিলোমিটারজুড়ে প্লাবিত হওয়ায় ওই স্থান পারাপারে মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া তাহিরপুর উপজেলার আনোয়ারপুর ও বালিজুড়ি বাজারে ঢলের পানি প্রবেশ করেছে।
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এরশাদ মিয়া বলেন, তাঁর ইউনিয়নে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকায় সড়কের কিছু অংশ নিচু হওয়ায় পাহাড়ি ঢল নামলেই সেই অংশটুকু প্লাবিত হয়ে যায়। এতে মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়। তিনি বলেন, ‘এই সময়টায় হাওরে পানি থাকে, বন্যাও হয়। ভারী বৃষ্টি ও ঢল নামায় পানি বাড়ছে। তবে বড় বন্যা না হলেই রক্ষা।’
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বলেন, তাঁর উপজেলা একেবারে ভারতের মেঘালয় পাহাড়ঘেঁষা। তাই উজানের পাহাড়ি ঢলের পানি তাঁর উপজেলায় প্রথম আঘাত হানে। এতে করে হাওরে পানি বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত দুদিনের ঢলে পানি বেড়ে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের কিছু অংশ প্লাবিত হওয়ায় সরাসরি তাহিরপুর-সুনামগঞ্জ যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে।