হাওরে পানি কমছে
সুনামগঞ্জে ভারী বৃষ্টি না হওয়ায় স্বস্তি
উজানের ঢল প্রথমেই আঘাত হানে টাঙ্গুয়ার হাওরে। গত দুদিন ভারী বৃষ্টি হয়নি।
সুনামগঞ্জে গত দুদিন ভারী বৃষ্টি হয়নি। তবে আকাশে মেঘ আছে। এ সময়ে জেলার নদ-নদী ও হাওরে পানি কিছুটা কমেছে। অথচ পূর্বাভাস ছিল, সুনামগঞ্জে এবং ভারতের চেরাপুঞ্জিতে ১০ এপ্রিল থেকে ভারী বৃষ্টি শুরু হবে। আবার পাহাড়ি ঢল নামবে হাওরে। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কিন্তু এই দুদিনে সেটা না হওয়ায় মানুষের মনে স্বস্তি দেখা গেছে।
এই স্বস্তির আভাস মেলে জেলার দেখার হাওরপাড়ের ইসলামপুর গ্রামের কৃষক জিয়া উদ্দিনের (৫৬) কথায়। তিনি বলেন, ‘ব্যাপক বৃষ্টি আর ঢলের খবরে সবাই আতঙ্কে। আমরা তো দিন গনাত (গুনছি) আছি। ধানডা পাকলেই হয়, দেখবা কিলা (কীভাবে) মানুষ টাইনা তুলে। দুই দিন বেশি বৃষ্টি না হওয়ায় মনে একটা আশা জাগছে।’
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ের মন্দিয়াতা গ্রামের বাসিন্দা শিক্ষক সানজু মিয়া জানান, উজানের ঢলে প্রথমেই আঘাত হানে টাঙ্গুয়ার হাওরে। গত দুদিন ভারী বৃষ্টি হয়নি। ঢলের পানির চাপও কমেছে। এতে মানুষের মনে আশা জাগছে। তিনি বলেন, ‘মাত্র কয়েকটা দিন, আবহাওয়া এ রকম থাকলেই হবে। কিন্তু আবহাওয়ার ওপর তো ভরসা রাখা কঠিন।’
একইভাবে জেলার বৌলাই নদের পানি কিছুটা কমেছে বলে জানিয়েছেন জামালগঞ্জের শনির হাওরের নান্টুখালী ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি বলেন, কদিন বৃষ্টিও হয়েছে কম। আর ঢল না নামলেই রক্ষা। হালকা বৃষ্টি হলে সমস্যা হবে না।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সুরমা নদীর পানি মঙ্গলবার বেলা তিনটায় ৪ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার এই সময় পানির উচ্চতা ছিল ৪ দশমিক ৬০ সেন্টিমিটার। জেলার যাদুকাটা, রক্তি, পাটলাই, চেলা, কালনী, নলজুরসহ বিভিন্ন নদ-নদীতে পানি কিছুটা কমেছে বলে জানা গেছে।
তবে ১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সে অনুযায়ী সুনামগঞ্জের হাওর এলাকার মানুষের মনের এই ‘স্বস্তি’ বেশি সময় স্থায়ী না-ও হতে পারে। মঙ্গলবার পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র থেকে জানানো হয়েছে, কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতলে কমছে। এ অঞ্চল এবং উজানে ভারতের আসাম-মেঘালয়ের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় এই অঞ্চলের নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুইয়া বলেছেন, ১৫ থেকে ১৭ এপ্রিল। এই তিন দিন সময় সুনামগঞ্জে এবং উজানে দুই জায়গাতেই ভারী বৃষ্টি হবে। এতে ভাটিতে ঢল নামবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রথম দফা ঢলের ধাক্কাটা সামলানো গিয়েছিল। কিন্তু এখন আবার দ্বিতীয় দফা ঢল এলে কী হবে জানি না। তবে আমরা সবাইকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা দিয়ে কাজ করছি।’