সুনামগঞ্জে ‘মানসিক ভারসাম্যহীন’ মেয়ের ইটের আঘাতে মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মেয়ের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। ওই নারীর নাম সফিকুন নেছা (৬০)। উপজেলার শিমুলবাক ইউনিয়নের কুতুবপুর গ্রামে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সফিকুন নেছার মেয়ে হালিমা বেগম (২২) ‘মানসিক ভারসাম্যহীন’। চার বছর আগে তাঁর বিয়ে হয় জেলার জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের আলী নুরের সঙ্গে। তাঁদের দুই সন্তান আছে। হালিমার মানসিক সমস্যা থাকায় তিনি বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। বেশি সমস্যা করলে তাঁকে বাড়ির একটি কক্ষে বেঁধে রাখা হতো। গতকালও হালিমাকে বেঁধে রাখা হয়। গতকাল রাত নয়টার দিকে সফিকুন নেছা ওই ঘরে মেয়ের জন্য রাতের খাবার নিয়ে যান। এ সময় হালিমা তাঁর পাশে থাকা ইট দিয়ে সফিকুন নেছার মাথায় আঘাত করেন। রাতেই গুরুতর আহত অবস্থায় তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মেয়েকে পুলিশি হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার ও স্থানীয় লোকজন বলছে, মেয়েটির মানসিক সমস্যা আছে। বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।