সুনামগঞ্জে লক্ষ্যমাত্রার অর্ধেক ধানও কেনা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটছেন কৃষকেরা।
প্রথম আলো ফাইল ছবি


সুনামগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের চার মাসের কার্যক্রম শেষ হবে ৩১ আগস্ট। তবে গত সাড়ে তিন মাসের বেশি সময়ে লক্ষ্যমাত্রার অর্ধেক ধানও কিনতে পারেনি খাদ্য বিভাগ। ধান কম কেনার কারণ তুলে ধরতে গিয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তা ও কৃষক সংগঠনের নেতারা।


সুনামগঞ্জে ২৯ এপ্রিল ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এবার সরকারিভাবে যে দরে ধান কেনা হচ্ছে, মাঠে সেই ধানের দর প্রায় সমান। আর গুদামে ধান নিয়ে আসতে কৃষকের পরিবহন ও শ্রমিকের ব্যয় রয়েছে। এ কারণে কৃষকেরা এবার গুদামে ধান বিক্রি করতে কম আগ্রহী। এ ছাড়া করোনাভাইরাস পরিস্থিতির কারণেও ধান কেনা কার্যক্রমে কিছুটা সমস্যা হয়েছে।


তবে কৃষকদের পক্ষে থাকা সংগঠনগুলোর নেতারা বলছেন, সরকার যখন ধান কেনা শুরু করে, তখন প্রকৃত কৃষকদের কাছে আর ধান থাকে না। এর আগেই ধারদেনা শোধ এবং সংসারের খরচ মেটাতে বাধ্য হয়ে তাঁরা কম দামে ধান বিক্রি করেন। আবার গুদামে ধান নিয়ে আসতে কৃষকেরা নানা ঝামেলায় পড়েন। এর মধ্যে রয়েছে মধ্যস্বত্বভোগী ও দালালদের উৎপাত। যে কারণে কৃষকেরা গুদামে ধান দিতে কম আগ্রহ দেখিয়েছেন।

সুনামগঞ্জ জেলায় এবার বোরো ধানের আবাদ হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩০০ হেক্টর জমিতে। ধানের উৎপাদন হয়েছে ১৩ লাখ ৯ হাজার ৮০ মেট্রিক টন।


জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এবার হাওর এলাকার প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ৩২ হাজার ৬৬৪ মেট্রিক টন বোরো ধান কেনার কথা। সরকারিভাবে প্রতি মণ ধানের দর ধরা আছে ১ হাজার ৪০ টাকা।
জেলার ১১টি উপজেলার ১২টি গুদামে ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহের সময়সীমা রয়েছে। সরকারিভাবে ধান কেনার সময় আর আট দিন বাকি থাকলেও এখনো অর্ধেক ধানও কেনা যায়নি। এ পর্যন্ত জেলার ১২টি খাদ্যগুদামে ধান কেনা হয়েছে ১৫ হাজার ৩৯৬ মেট্রিক টন।


গত বছর জেলায় ধান কেনার বরাদ্দ ছিল ১৮ হাজার মেট্রিক টন। কৃষকপ্রতি এক মেট্রিক টন করে ১৮ হাজার কৃষকের কাছ থেকে কেনা হয়েছিল এই ধান। এবার একজন কৃষক সর্বোচ্চ তিন টন করে ধান গুদামে বিক্রি করতে পারবেন। কম ধান নিয়ে কৃষকেরা গুদামে আসতে চান না বলে এবার বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও সাড়া পাওয়া যায়নি।

ধান কেনার হিসাব


জেলা খাদ্য বিভাগের হিসাব মতে, ১৮ আগস্ট পর্যন্ত জেলার সদরের মল্লিকপুর খাদ্যগুদামে ৫ হাজার ৪২৮ মেট্রিক টনের মধ্যে কেনা হয়েছে ২ হাজার ৮২৮ মেট্রিক টন, দোয়ারাবাজার উপজেলা খাদ্যগুদামে ২ হাজার ৯৯ মেট্রিক টনের মধ্যে ৬৪১ মেট্রিক টন, ছাতক খাদ্যগুদামে ২ হাজার ৪০৩ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ৯ মেট্রিক টন, জগন্নাথপুর উপজেলা খাদ্যগুদামে ১ হাজার ৭১৩ মেট্রিক টনের মধ্যে ৭১১ মেট্রিক টন, একই উপজেলার রানীগঞ্জ খাদ্যগুদামে ১ হাজার ৭৬৪ মেট্রিক টনের মধ্যে ৮৪৮ মেট্রিক টন, দিরাই উপজেলা খাদ্যগুদামে ৪ হাজার ৯০৯ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ২৪৪ মেট্রিক টন, শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও খাদ্যগুদামে ১ হাজার ৪০৩ মেট্রিক টনের মধ্যে ৬৫৬ মেট্রিক টন, ধরমপাশা উপজেলা খাদ্যগুদামে ২ হাজার ৫০৯ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ৯ মেট্রিক টন, একই উপজেলার মধ্যনগর খাদ্যগুদামে ২ হাজার ৬০২ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ৮৬৫ মেট্রিক টন, জামালগঞ্জ উপজেলার সাচনা খাদ্যগুদামে ৩ হাজার ৭৭১ মেট্রিক টনের মধ্যে ২ হাজার ৪৮৩ মেট্রিক টন, তাহিরপুর উপজেলা খাদ্যগুদামে ২ হাজার ৭৬৯ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ২৯৫ মেট্রিক টন এবং বিশ্বম্ভরপুর উপজেলা খাদ্যগুদামে ১ হাজার ২৯৪ মেট্রিক টনের মধ্যে কেনা হয়েছে ৮১০ মেট্রিক টন।

সরকারিভাবে ধান কেনা শুরু হয় দেরিতে


সুনামগঞ্জের সবচেয়ে বড় ধানের বাজার হলো ধরমপাশা উপজেলার মধ্যনগরে। মধ্যনগর বাজার ধানচাল আড়তদার সমিতির সভাপতি মো. জহিরুল হক জানান, কৃষকেরা বৈশাখ মাসে নিজেদের প্রয়োজনে যখন কম দামে ধান বিক্রি করেন, তখন সরকারিভাবে গুদামে ধান কেনা শুরু হয় না। কিন্তু তখন কৃষকেরা থাকেন সমস্যায়। বাধ্য হয়েই তখন তাঁদের ধান বিক্রি করতে হয়। এখন বাজারে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৫০–৬০ টাকা। তাই গুদামে ধান না দিয়ে বাইরে বিক্রি করছেন কৃষকেরা।


বিশ্বম্ভরপুর উপজেলার রায়পুর গ্রামের কৃষক আবদুল গণি বলেন, সরকারি পর্যায়ে ধান কেনা আগে থেকে শুরু হলে তিনি উপকৃত হতেন। তিনি সরকারি মূল্য থেকে প্রায় ২৫০ টাকা কমে ৮০০ টাকা দরে ধান বিক্রি করে দিয়েছেন। তিনি বললেন, ‘আমার টাকার দরকার ছিল, তাই অপেক্ষা করতে পারিনি।’

সুনামগঞ্জে হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার বলেন, হাওর এলাকায় উপজেলা পর্যায়ে গুদামে ধান নিয়ে যাওয়া কৃষকদের জন্য একটা ভোগান্তির বিষয়। পরিবহন ও শ্রমিক লাগে। গুদামে ধান নিয়ে গিয়ে তাঁরা নানাভাবে হয়রানির শিকার হন।


চিত্তরঞ্জন তালুকদার বলেন, ‘আমাদের দাবি হলো, একটা নির্দিষ্ট সময় ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ধান ক্রয়কেন্দ্র চালু করা। বাড়ির পাশে ধান বিক্রি করতে পারলে প্রকৃত কৃষকেরা সরকারি গুদামে ধান দিতে উৎসাহী হবেন এবং উপকৃত হবেন। কিন্তু সরকার তো সেটি করে না।’

এদিকে অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জে ধান কেনার পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা। তিনি বলেছেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব জেলাতেই ধান কেনায় কিছুটা সমস্যা হয়েছে। তবে অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জে আমরা ধান বেশি কিনেছি। এখনো কেনা অব্যাহত আছে।’ তাঁর মতে, এবার মাঠে ধানের দাম ভালো। আর গুদামে ধান নিয়ে আসতে হলে কৃষকের পরিবহন খরচ লাগে। মূলত এই দুই কারণেই এবার কৃষকেরা গুদামে ধান দিতে কম আগ্রহী।