সুনামগঞ্জে লেকের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শহীদ সিরাজ (নীলাদ্রি) লেকের পানিতে ডুবে রাকিব আহমেদ সায়েম (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঢাকার মিরপুরের পশ্চিম কাজীপাড়ার বাসিন্দা রাকিবের বাবার নাম ফরহাদ আহমেদ।

তাহিরপুর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাকিব হাসানসহ ১৮ জন আজ বৃহস্পতিবার সকালে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এবং আশপাশের এলাকায় ঘুরতে আসেন। সকালে তাহিরপুর সদরবাজারে এসে তাঁরা একটি নৌকা নিয়ে প্রথমে টাঙ্গুয়ার হাওরে যান। এরপর বিকেলে হাওরের উত্তরে সীমান্তবর্তী টেকরঘাট এলাকার শহীদ সিরাজ লেকে যান।

রাকিবের সঙ্গে ঢাকা থেকে আসা এক শিক্ষার্থী জানান, সেখানে বিকেল চারটার দিকে লেকের পানিতে দল বেঁধে সাঁতার কাটতে নামেন তাঁরা। একপর্যায়ে লেক থেকে উঠে দেখেন রাকিব নেই। পরে আশপাশের লোকজনকে জানালে রাকিবের খোঁজ শুরু করেন তাঁরা। একপর্যায়ে জাল ফেলে তাঁকে উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার জানান, রাকিবের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তারঁ পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।