সুনামগঞ্জে সাংস্কৃতিক উৎসবে ছয় শিশুকে সংবর্ধনা
‘নেশা লাগিল রে বাঁকা দুনয়নে নেশা লাগিল রে’, ‘গাড়ি চলে না চলে না চলে না রে’, ‘বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে’—এ রকম বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশনসহ নানা আয়োজনে গতকাল শনিবার সুনামগঞ্জে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই উৎসব হয়। এতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী সুনামগঞ্জের পাঁচ শিশুকে সংবর্ধনা দেওয়া হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তারের সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. শফিউল আলম, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক সংগঠক মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
অনুষ্ঠানে এবারের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে স্বর্ণপদক জয়ী সুনামগঞ্জের শেখ তাবাসসুম, উচ্চ লাফের (বালক শাখায়) স্বর্ণপদক জয়ী জাকিয়া নূপুর, বালক শাখায় রৌপ্যপদক জয়ী সজল মিয়া, সাঁতারে ব্রোঞ্জপদক জয়ী মো. নাহিন মিয়া ও বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিভাগে ব্রোঞ্জপদক জয়ী তসলিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার জগন্নাথপুর উপজেলা, দিরাই উপজেলা, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সাংস্কৃতিক দল অংশ নেয়। তারা সুনামগঞ্জের মরমি সাধক রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিম ও দুর্বিণ শাহের গান পরিবেশন করে।