সুনামগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছুরিকাঘাতে আহত
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তপু দাস (৩৯) ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার গভীর রাতে তাঁর নিজ গ্রাম চানপুরে মন্দির থেকে বাড়িতে ফেরার পথে এই ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার পর তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
তপু দাসের অভিযোগ নির্বাচন থেকে সরাতে তাঁকে হুমকি দিয়ে আসছিলেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। তাঁরাই তাঁকে মারধর ও ছুরি মেরে আহত করেছেন।
আজ বেলা আড়াইটায় তপু দাস বলেন, ‘আমার কোমরের ওপরে পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিটি চামড়ার নিচ দিয়ে ঢুকে লেগে আছে। দিরাই ও সুনামগঞ্জের চিকিৎসকেরা পেট থেকে ছুরি বের করতে পারেননি। তাঁরা সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমি অ্যাম্বুলেন্সে সিলেটের পথে আছি।’
তপু দাস আরও বলেন, তিনি এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী। একই গ্রামের লিটন চন্দ্র দাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। একই গ্রাম থেকে তিনি প্রার্থী হওয়ায় লিটন দাস ও তাঁর লোকজন ক্ষুব্ধ। গ্রামে তাঁকে সভা না করতে এবং প্রচারণায় নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তাঁকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। বুধবার রাত তিনটার দিকে তিনি গ্রামের মন্দির থেকে বাড়িতে ফিরছিলেন। স্কুলের সামনে আসার পর পাঁচ-ছয়জন লোক তাঁর ওপর হামলা চালায়।
তপু দাস বলেন, ‘আমি সবাইকে চিনেছি। তারা লিটন দাসের লোক। আমাকে নির্বাচন থেকে সরাতে না পেরে হত্যার উদ্দেশ্য এই হামলা করেছে। আমি সকালে প্রথমে থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছি। আমি মামলা করব।’
এই অভিযোগ অস্বীকার করে লিটন চন্দ্র দাস বলেন, ‘এটা সম্পূর্ণ বানোয়াট একটা ঘটনা। থানায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। মামলাও আছে। কেউ হয়তো কুবুদ্ধি দিয়ে এটা সাজিয়েছেন।’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।