সুনামগঞ্জে হাওর আন্দোলনের নেতা আজাদ হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের হাওর আন্দোলনের নেতা আজাদ মিয়া। তিন বছর আগে হামলার শিকার হয়ে মারা যান তিনি
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে হাওর আন্দোলনের নেতা আজাদ মিয়ার হত্যার ঘটনায় করা মামলার দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে তাঁর পরিবার। ২০১৯ সালের ১৭ মার্চ পৌর শহরের বড়পাড়া এলাকায় হামলার শিকার হয়ে মারা যান তিনি। আজাদ মিয়া হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। হত্যাকাণ্ডের পরদিন স্থানীয় কয়েকজনকে আসামি করে মামলা করেছিল তাঁর পরিবার। তবে দুই দফা কর্মকর্তা বদল হলেও এখনো তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।

আজাদ মিয়ার পরিবারের সদস্যরা বলেন, হাওরে বাঁধ নির্মাণের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েই প্রাণ দিতে হয়েছে তাঁকে। হত্যা মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দ্রুত মামলার তদন্ত শেষ ও দোষীদের বিচার চায় পরিবার।

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ‘শুধু পরিবার নয়, সুনামগঞ্জের প্রত্যেক বিবেকবান মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। আমাদের দাবি হচ্ছে, দ্রুত মামলার তদন্ত ও বিচারকাজ শেষ করা। আমরা আশা করি এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন।’

মামলা এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, আজাদ মিয়ার বাড়ি সদর উপজেলার দেখার হাওরপাড়ের জালালপুর গ্রামে। হাওরটিতে ২০১৮ সালে বিভিন্ন প্রকল্পে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে কয়েকটি অপ্রয়োজনীয় প্রকল্পের কাজ হয়। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে আজাদ মিয়া প্রতিবাদ করেন। একপর্যায়ে তিনি বাদী হয়ে বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হক, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মকর্তা ও ভূমি কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তাধীন।

হামলার শিকার হওয়ার আগে ওই বছরের ৬ মার্চ বাঁধ নির্মাণের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে স্থানীয় বেতগঞ্জ বাজারে আজাদ মিয়ার নেতৃত্বে একটি মানববন্ধন হয়। এরপর ১৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার বাসায় ফেরার পথে শহরের স্টেশন রোড এলাকায় হামলার শিকার হন তিনি। ১৭ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আজাদ মিয়ার বড় ভাই আজিজ মিয়া বাদী হয়ে সদর থানায় ইউপি চেয়ারম্যান নুরুল হক, উকিল আলী, পাভেল মিয়া, রিপন মিয়াসহ আরও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। প্রায় এক বছর পর মামলার তদন্ত শেষে পুলিশ পাভেল মিয়া, শ্রাবণ মিয়া ও রিপন মিয়া নামের তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্র থেকে বাদ পড়েন নুরুল হক ও উকিল আলী। এ অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেন বাদী। পরে গত ৮ নভেম্বর মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।

আজাদ মিয়ার ছোট ভাই কলেজশিক্ষক মো. ফরিদ মিয়া বলেন, ‘আমার ভাই হাওরের কৃষকদের পক্ষে সব সময় সোচ্চার ছিলেন। ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ করে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসি চাই।’

মামলার তদন্তে থাকা পিবিআইর কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, দুই মাস আগে এই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন তিনি। তদন্ত অব্যাহত আছে।