সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জোরসিংহা হাওরে ঝোড়ো বাতাসের কবলে পড়ে একটি নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রামের হোসনে আরা বেগম (২২) ও জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের জাল্লাবাজ গ্রামের মো. এমদাদুল হক (৬০)। এই দুটি গ্রাম পাশাপাশি অবস্থিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কেশবপুর গ্রামে আত্মীয় বাড়িতে যান হোসনে আরা বেগম ও মো. এমদাদুল হক। অনুষ্ঠান শেষে ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে সাতজন বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের বহনকারী নৌকাটি জোরসিংহা হাওরে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌকার পাঁচ যাত্রীকে উদ্ধার করে। পরে হাওর থেকে হোসনে আরা বেগম ও এমদাদুল হকের লাশ উদ্ধার করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌকায় থাকা অন্যদের স্থানীয় লোকজন উদ্ধার করেছে।