সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ‘ঢিলেমি’ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলার সব হাওরে বাঁধের কাজ শুরুর দাবিতে সংবাদ সম্মেলন করে ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠন। আজ সোমবার সুনামগঞ্জ পৌর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে নির্ধারিত সময়ের এক মাস পেরিয়ে গেলেও এখনো অনেক হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের নেতারা। তাঁরা অবিলম্বে জেলার সব হাওরে বাঁধের কাজ শুরুর দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জ পৌর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই উদ্বেগ প্রকাশ ও দাবির কথা জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক।

লিখিত বক্তব্যে ওবায়দুল হক বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময়সীমা ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু এক মাস সময় পেরিয়ে গেলেও এখনো পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হিসাবেই প্রায় ৩০০ প্রকল্পের কাজ শুরু হয়নি। তবে পাউবোর কাগুজে হিসাব আর মাঠের বাস্তবতায় কোনো মিল নেই। ১৯ জানুয়ারি পর্যন্ত ৭টি উপজেলার কাজের কোনো প্রকল্প দেওয়া হয়নি। এবার শুরু থেকেই কাজে এক ধরনের ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে।

মাঠপর্যায়ে গণশুনানি করে প্রকল্প নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের দাবি থাকলেও, তা করা হয়নি। স্থানীয়ভাবে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে পিআইসি গঠন করা হয়। তারাই কাজে অনিয়ম করে থাকেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ওবায়দুল হক।

হাওর আন্দোলনের নেতারা বিভিন্ন উপজেলায় সরেজমিন পরিদর্শন করে দেখেছেন, এখনো অনেক হাওরে কাজই শুরু হয়নি। বাঁধের প্রকল্পের পাশে প্রয়োজনীয় তথ্যসহ সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও অনেক স্থানেই তা পাওয়া যায়নি। কোনো প্রকল্পের কাজ শুরু হয়েছে নামমাত্র।

সংবাদ সম্মেলনে বলা হয়, পিআইসি গঠন প্রক্রিয়া নিয়ে প্রতিটি উপজেলাতেই ইউএনও ও পাউবোর উপসহকারী প্রকৌশলী মিলে প্রকল্প গ্রহণ ও অনুমোদন দিয়ে সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা। শাল্লা উপজেলায় ফসল রক্ষা বাঁধের প্রকল্প গ্রহণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন এক পাউবো কর্মকর্তা। অনিয়ম ও দুনীতির অভিযোগ এনে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

হাওর বাঁচাও আন্দোলনের নেতারা আরও বলেন, বাঁধের কাজে গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না। এ কারণে ফসলের কোনো ক্ষতি হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা প্রমুখ।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাজে কোনো অবহেলা বা অনিয়ম নেই। নীতিমালা অনুযায়ী কাজ হচ্ছে। জানুয়ারি মাসের মধ্যেই সব প্রকল্পে কাজ শুরু হবে।

জেলা পাউবো সূত্রে জানা গেছে, ১১টি উপজেলায় এবার ৫২০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ হবে। এ পর্যন্ত ৭২০টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এসব প্রকল্পে প্রাক্কলন ধরা হয়েছে ১১৭ কোটি ৬৬ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে পিআইসি গঠন করা হয়েছে ৭০০টি।

আজ সোমবার পর্যন্ত কাজ শুরু হয়েছে ৪৫৫টি প্রকল্পে। ২৬৫টি প্রকল্পে এখনো কাজ শুরু হয়নি। একটি প্রকল্পে একটি পিআইসি কাজ করে। স্থানীয় কৃষক ও সুবিধাভোগীদের নিয়ে ৫ থেকে ৭ সদস্যের একটি পিআইসি সর্বোচ্চ ২৫ লাখ টাকার কাজ করতে পারে বলে জানিয়েছে পাউবোর ওই সূত্র।