সুনামগঞ্জে হাসপাতালে বাড়ছে করোনা রোগীর চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে করোনায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর চাপ। জেলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে সোমবার দুপুর ১২টা পর্যন্ত রোগী ছিলেন ৪৯ জন। এর মধ্যে রোববার রাতে ও সোমবার সকালে ভর্তি হয়েছেন ১৯ জন। এর আগে রোববার রাতে ছয়জনকে পাঠানো হয়েছে সিলেটে।

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন ১০৭ জন। আক্রান্তের দিক থেকে গত ৯ মাসে এক দিনে এটিই সর্বোচ্চ। এ সময় মারা গেছেন তিনজন। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের দুজন এবং জগন্নাথপুর উপজেলার একজন। সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬ জন। মারা গেছেন ৪৭ জন। চলতি মাসে মারা যান ১৪ জন।

জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, এক মাস আগেও হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গড়ে প্রতিদিন পাঁচ–ছয়জন রোগী ভর্তি ছিলেন। গত এক সপ্তাহ থেকে রোগীর চাপ বাড়ছে। রোববার রাতে এখানে থাকা ছয়জনকে সিলেটের করোনা রোগীরদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। এই রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়ার মতো ব্যবস্থা সুনামগঞ্জে নেই। সুনামগঞ্জে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট নেই। নেই হাই ফ্লো নাজাল ক্যানুলা। এখানে সিলিন্ডার দিয়ে রোগীদের সর্বোচ্চ ১০ লিটার অক্সিজেন দেওয়া যায়। এর বেশি প্রয়োজন হলে তাঁকে সিলেটে পাঠাতে হয়।

সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের যে স্থানে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ করা হয়, সেখানে মানুষের ভিড়। অনেকেই সকাল থেকে এসে সারিতে দাঁড়িয়ে আছেন নমুনা দিতে। হাসপাতালের পুরোনো ভবনের বারান্দায় নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। জায়গাটি ছোট হওয়ায় মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা আজিজুর রহমান বলেন, এখন তো ঘরে ঘরে মানুষের সর্দি-কাশি। আগে লোকজন এসবে গুরুত্ব দেননি, এ জন্য নমুনা পরীক্ষায় আগ্রহও কম ছিল। এখন মানুষের ভয় বাড়ছে। এ জন্য নমুনা দিতে আসছেন।

হাসপাতালের করোনো ওয়ার্ডে কথা হয় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ গ্রামের বাসিন্দা জোবেদা বেগমের (৪০) সঙ্গে। বাবা আসক আলীকে (৬৫) সকালে এনে ভর্তি করেছেন। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। চার দিন আগে থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে। প্রথমে কম ছিল, এ জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করাননি। এরপর সমস্যা বেড়ে গেলে হাসপাতালে নিয়ে এসে পরীক্ষার পর জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত। জোবেদা বেগম বলেন, ‘বাড়িত তো বোঝতাম পারছি না। অখন মনে অর সমস্যা বড়। শ্বাস নিতে কষ্ট লাগে।’

করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক টি এম ইমরান আহমেদ বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। যদিও এখনো আমাদের এখানে অর্ধেক শয্যা খালি আছে। কিন্তু ভর্তি রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এসব শয্যা কতক্ষণ খালি থাকে, সেটাই দেখার বিষয়।’

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, স্বাস্থ্যবিধি না মানা, অবহেলা, করোনার নমুনা পরীক্ষায় অনীহাসহ নানা কারণে সুনামগঞ্জে করোনায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধিসহ নানা পর্যায় থেকে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করা হচ্ছে। এরপরও স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে একটা উদাসীনতা রয়েছে। একইভাবে করোনার উপসর্গ দেখা দিলেও নমুনা পরীক্ষায় মানুষের মধ্যে আগ্রহ কম দেখা যাচ্ছে।

সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে এখন নমুনা পরীক্ষার হার আগের চেয়ে কিছুটা বেড়েছে। এ কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। জেলায় আক্রান্তের হার গড়ে ৩৪ শতাংশ। তিনি বলেন, মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু মানুষ তো এসব বুঝতে চায় না, এটাই হচ্ছে সমস্যা।