সুনামগঞ্জের দুই উপজেলায় সরকারি চালসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দুটি উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চালসহ চারজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দোয়ারাবাজারে ৫৮ বস্তা চালসহ দুজনকে এবং তাহিরপুরে ১০ বস্তা চালসহ দুজনকে ধরা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে গোপনে পাওয়া সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের আনোয়ার হোসেন ও মাসুক আলীকে ৫৮ বস্তা চালসহ আটক করা হয়। এর মধ্যে আফসরনগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা এবং পাশের শ্রীপুর বাজারের আনোয়ার হোসেনের দোকান থেকে ১৪ বস্তা চাল জব্দ করা হয়।

প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল আছে। একই সময় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রাম থেকে পাচারকালে ১০ বস্তা চালসহ পরিবেশক প্রভাত তালুকদার ও তাঁর সহযোগী হেলাল মিয়াকে আটক করে পুলিশ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, আটকের ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. সেলিম হায়দার।

তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তারফদার জানিয়েছেন, তাঁর উপজেলায় আটকের ঘটনা থানায় মামলার প্রস্তুতি চলছে।