সুনামগঞ্জের দুর্গম হাওরের বন্যার্তদের পাশে ওরা ১০ জন
সুনামগঞ্জে এবারের ভয়াবহ বন্যায় বিপাকে পড়া মানুষের পাশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসে দাঁড়াচ্ছে। এসব অসহায় মানুষের দিকে এবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ‘জ্ঞানের আলো পাঠাগার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এ সংগঠনের ১০ জন সদস্য জেলার দুর্গম তাহিরপুর উপজেলায় হাওরের প্রত্যন্ত এলাকায় গিয়ে বানভাসি ব্যক্তিদের খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পোশাক দিয়েছেন। গত সোমবার শুরু হওয়া তাঁদের এই সহায়তা কার্যক্রম আজ শনিবার শেষ হয়েছে।
সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে তাঁরা ১০ জন গত সোমবার তাহিরপুরে যান। এই সদস্যদের মধ্যে একজন ছাড়া সবাই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের সঙ্গে একজন পল্লি চিকিৎসক আছেন।
তাহিরপুর উপজেলায় জ্ঞানের আলো পাঠাগারের ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। এরপর তাঁরা তাহিরপুরে ক্যাম্প করে থেকে বন্যার্ত ব্যক্তিদের বিভিন্নভাবে সহায়তা করেন। হাওরে নৌকায় করে বাড়ি বাড়ি নিয়ে যান খাদ্যসামগ্রী। এ পর্যন্ত তাঁরা এ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের এক হাজার বন্যার্ত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন। এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও সাবান। এ ছাড়া পানিবাহিত রোগে আক্রান্ত পাঁচ শ মানুষকে দিয়েছেন চিকিৎসাসেবা ও ওষুধ। প্রায় দুই শ শিক্ষার্থীকে দিয়েছেন শিক্ষা উপকরণ।
আজ উপজেলা সদরে জ্ঞানের আলো পাঠাগারের শিক্ষা উপকরণ, পোশাক, খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রমে ইউএনও মো. রায়হান কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, জ্যেষ্ঠ সদস্য দিদার খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে সংগঠনের পক্ষ থেকে কোটালীপাড়া উপজেলাবাসীর কাছে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। এ আহ্বানে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন সহায়তা দেন। এরপর তাঁরা ১০ জনের একটি দল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এসে টানা ছয় দিন থেকে বন্যার্ত ব্যক্তিদের নানাভাবে সহায়তা করেন।
মাসুদ পারভেজ আরও বলেন, ‘বন্যার্ত ব্যক্তিরা যে কী পরিমাণ কষ্টে আছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। দুর্গম হাওর এলাকার অনেক গ্রামেই আমরা গিয়েছি। মানুষের খাবার, চিকিৎসা, ঘরবাড়ি সংস্কারে সহায়তা প্রয়োজন। আমরা সীমিত পরিসরে হলেও এ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারার একটা তৃপ্তি নিয়ে ফিরছি। চেষ্টা করব আবার আসার।’
তাহিরপুরের ইউএনও মো. রায়হান কবির বলেন, ‘এ প্রতিষ্ঠানের সদস্যরা টানা কয়েক দিন তাহিরপুরে থেকে মানুষের জন্য যে কাজ করেছেন, সেটি প্রশংসনীয়। সরকারের পাশাপাশি জেলা ও জেলার বাইরে থেকে অনেকেই তাহিরপুরে এসে একইভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখানে যাঁরাই ত্রাণ দিতে আসেন, আমরা তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করি।’