সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত
ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হাওরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের দাভাঙ্গা হাওরে এ ঘটনা ঘটে।

কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. একরার হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত দুজন হলেন ধীত গ্রামের রবীন্দ্র দাস (৬০) ও টিপু দাস (২৩)।

কুলঞ্জ ইউপির চেয়ারম্যান একরার হোসেন বলেন, গতকাল বিকেলে ধীত গ্রামের কৃষকেরা গ্রামের পাশের হাওরে ধান কাটছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে কৃষকেরা হাওর থেকে বাড়ি ফিরতে শুরু করেন। তখন পথে হাওরেই আকস্মিক বজ্রপাতে সাতজন আহত হন। গুরুতর আহত রবীন্দ্র দাস ও টিপু দাসকে পাশের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, তাঁরা হাওরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।