সুন্দরগঞ্জে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় পুলিশের গুলি, ভোট গ্রহণ বন্ধ
গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। ব্যালট ছিনতাইয়ের ওই ঘটনার পরপরই কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বনিজ মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বুলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর পর শনিবার বেলা ১১টায় অজ্ঞাতনামা একদল মানুষ কেন্দ্রে ঢুকে কয়েকটি ব্যালট বই ছিনিয়ে নেয়। পরে বাইরে নিয়ে সেগুলোতে সিল দেয়। এরপর আবার বাক্সে ভরে। পরে বাক্স ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বনিজ মিয়া। তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছিল। এমন সময়ে অতর্কিত অজ্ঞাতনামা একদল ব্যক্তি এ ঘটনা ঘটায়। বেলা ১১টা থেকে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রয়েছে। বেলা একটায় প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ ছিল।
তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান জানিয়েছেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি এখনো তাঁকে অবহিত করেননি।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘ওই কেন্দ্রে সমস্যা হয়েছে বলে জানতে পেরেছি। খোঁজ নিচ্ছি। আমাদের টিম সেখানে রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। ব্যালট ছিনতাইয়ের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’