সুন্দরবন থেকে দুই বনদস্যু আটক
বন বিভাগ, কোস্টগার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন থেকে বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীসংলগ্ন পশুরতলা খালের চালতেবাড়িয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা, চারটি আগ্নেয়াস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার করা হয়েছে।
আটক বনদস্যুরা হলো সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মির্জাপুর গ্রামের গোলাম রসুল (২৫) ও শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনি গ্রামের মনিরুল ইসলাম হাওলাদার (২৫)।
পশ্চিম সুন্দরবনের কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. নাছিরউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর চারটার দিকে তাঁরা গোপন সংবাদ পান যে ডাকাতি ও সুন্দরবনে জেলে-বাওয়ালিদের আটক করে মুক্তিপণ আদায়ের জন্য বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুরতলা খালের চালতেবাড়িয়া এলাকায় অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে টহলরত র্যাব-৬, কোস্টগার্ড ও বন বিভাগের প্রহরীরা ওই এলাকা ঘিরে ফেলেন। বনদস্যুরা তাঁদের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গোলাম রসুল ও মনিরুল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা আটক করে তার মধ্য থেকে তিনটি পাইপগান, একটি বন্দুক ও ২৫টি গুলি উদ্ধার করা হয়।
মো. নাছিরউদ্দিন আরও জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা করা হবে। তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুল মান্নান জানান, বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।