সুন্দরবন থেকে ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এসব মাংস উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, তাঁরা গোপন সংবাদ পান, একটি চক্র সুন্দরবন থেকে শিকার করে বিপুল পরিমাণ হরিণের মাংস পাচার করছে। এ সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে বন বিভাগের একটি দল সুন্দরবন–সংলগ্ন গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় সেতুর নিচ থেকে দুটি ককশিটের বাক্সভরা ১৩ কেজি হরিণের টাটকা মাংস উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, হরিণের মাংস সাতক্ষীরার বাইরে কোথাও পাচার করা হচ্ছিল। উদ্ধার করা মাংসে কেরোসিন তেল ঢেলে তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।