সুন্দরবন ভ্রমণে খরচ বাড়ল, বিপাকে ট্যুর অপারেটররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন
ফাইল ছবি

সুন্দরবন ভ্রমণে রাজস্ব বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বন বিভাগ। আগে সুন্দরবনের অভয়ারণ্যের বাইরে ১ দিনের জন্য একজন পর্যটকের রাজস্ব ছিল ৭০ টাকা, সেটি বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। অভয়ারণ্য এলাকায় ১ দিনের ফি ১৫০ টাকার জায়গায় ৩০০ টাকা করা হয়েছে। বেড়েছে বিভিন্ন যানবাহন প্রবেশের ফি।

২০ ফেব্রুয়ারি রাজস্ব বাড়ার এই প্রজ্ঞাপন জারি করা হয়। সেদিন থেকেই নতুন রাজস্ব আদায় করার ঘোষণা দেওয়া হয়।

সাধারণত সুন্দরবনে ভ্রমণের মৌসুম চলে অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত। বাকি সময় আবহাওয়া ও নদ-নদী উত্তাল থাকায় নৌযান নিয়ে সুন্দরবন ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ট্যুর অপারেটরদের অভিযোগ, সুন্দরবন ভ্রমণের মৌসুম চলাকালে রাজস্ব বাড়ানোয় বিপাকে পড়তে হচ্ছে তাঁদের। জ্বালানি তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ার সঙ্গে নতুন করে রাজস্ব বাড়ানোয় তাঁদের লোকসান গুনতে হচ্ছে। কারণ, অধিকাংশ ট্যুর অপারেটরদের আগাম ট্যুর বুকিং থাকে।

বন কর্মকর্তারা বলছেন, নতুন নির্ধারণ করা রাজস্ব শুধু পর্যটন নয়; সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া, মধু আহরণসহ সব ক্ষেত্রেই আরোপ করা হয়েছে। প্রায় ১০ বছর পর এসব রাজস্ব বাড়ানো হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে ধার্য করা রাজস্বের তালিকা থেকে দেখা গেছে, আগে ১০০ ফুটের ঊর্ধ্বের জলযানের ক্ষেত্রে নিবন্ধন থাকলে ১ হাজার ও নিবন্ধন না থাকলে ৪ হাজার টাকা নির্ধারিত ছিল। বর্তমানে সেটি দেড় হাজার ও ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে সুন্দরবন ভ্রমণের প্রতিটি নৌযানের ক্ষেত্রেই আগের তুলনায় রাজস্ব বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ।

অভয়ারণ্যের বাইরে জনপ্রতি পর্যটকের প্রতিদিনের রাজস্ব ছিল ৭০ টাকা, সেটি বাড়িয়ে করা হয়েছে ১৫০ টাকা। অভয়ারণ্য এলাকায় আগে একজন পর্যটক ১৫০ টাকায় ১ দিন থাকতে পারতেন, এখন লাগবে ৩০০ টাকা।

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হওয়ায় সুন্দরবন বাংলাদেশসহ বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের স্থান। ট্যুর অপারেটররা বলছেন, পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ট্যুর অপারেটররা সুন্দরবনের পর্যটন খাতে বড় ধরনের বিনিয়োগ করেছেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর তাঁরা ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছরও পর্যটন মৌসুম শুরু হওয়ার পর হঠাৎ জ্বালানি তেলসহ সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম বলেন, ট্যুর অপারেটররা সাধারণত মৌসুম শুরু হওয়ার আগে বনের রাজস্বসহ সবকিছুর সঙ্গে সংগতি রেখে ট্যুর প্যাকেজের দাম নির্ধারণ করে থাকেন। হঠাৎ ওই প্যাকেজ পরিবর্তন করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে রাজস্ব বৃদ্ধি ট্যুর অপারেটরদের ক্ষতির সম্মুখীন করছে। এবার রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে বন বিভাগের পক্ষ থেকে ট্যুর অপারেটরদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, প্রায় ১০ বছর পর নতুন রাজস্ব তালিকা প্রণয়ন করা হলো। সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজস্ব বাড়ানো যুক্তিসংগত মনে করেছেন বলেই নতুন রাজস্ব হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ট্যুর অপারেটররা হয়তো কিছুটা ক্ষতির সম্মুখীন হবেন, তবে তা সাময়িক। কারণ, সুন্দরবন ভ্রমণ মৌসুম এখন শেষ পর্যায়ে চলে এসেছে।