সুন্দরবন–সংলগ্ন দাকোপে হঠাৎ করোনার সংক্রমণ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার সংক্রমণ বাড়তে শুরু করলেও মানুষজনের মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা নেই। গতকাল সোমবার খুলনার দাকোপ উপজেলার চালনা বাজারে
ছবি: উত্তম মণ্ডল

খুলনার দাকোপ উপজেলায় চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত ১৪৪ দিনে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপরের ১৫ দিনে (২৫ মে থেকে ৮ জুন) শনাক্ত হয়েছে ৩৩ জন। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় উপজেলায় কড়াকড়িভাবে বিধিনিষেধ আরোপ করার চিন্তা করছে উপজেলা প্রশাসন।

খুলনা শহর থেকে দক্ষিণে সুন্দরবন–সংলগ্ন জনপদ দাকোপে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে জনবহুল স্থান, হাটবাজারসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এদিকে উপজেলার চুনকুড়ি নদ দিয়ে ভারতে যাতায়াতকারী দেশি-বিদেশি কার্গো, লাইটার জাহাজ চালনা এলাকায় নোঙর করে লোকজন মাঝেমধ্যে ওপরে উঠে আসায় করোনার ডেলটা ধরন (ভারতীয়) ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, সংক্রমণ বাড়ছে। কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। তবে চেষ্টা করলেও মানুষ সচেতন হচ্ছে না। সচেতন-শিক্ষিতরাও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। মানুষ জ্বর-কাশি নিয়ে আসছেন। তাঁরা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের কথা বলছেন। অনেকে করছেন, অনেকে চলে যান। তাঁদের অনেকের ভয় বাড়ি আটকিয়ে দেয় কি না। চলাফেরায় বাধানিষেধ দেয় কি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘অবস্থা খারাপ বলা যায়। এখন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দাকোপে হার্ডলাইনে চলে যাব। পরিকল্পনা করে রাখছি। সার্বিক প্রস্তুতি আছে। নির্দেশনা পেলে উপজেলাজুড়ে কড়াকড়িভাবে বিধিনিষেধ আরোপ করা হবে।’

দাকোপে গত বছরের ২ মে প্রথম দুজন করোনায় আক্রান্ত হন খাটাইল গ্রামে। আক্রান্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জ থেকে গিয়েছিলেন। প্রথম আক্রান্তের খবরে পুরো উপজেলা চমকে উঠেছিল। মানুষ বাজারঘাটে আসা বন্ধ করে দেয়। অনেকেই ভয় পেয়েছিল। অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে শুরু করে। তবে দিন যত গেছে স্বাস্থ্যবিধি মেনে চলায় অনীহা দেখা গেছে।

গতকাল সোমবার চালনা পৌরসভা এবং দাকোপের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের মধ্যে সচেতনতার ব্যাপক অভাব রয়েছে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বিষয় লক্ষ করা যায়নি। প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান চলছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিদিনের করোনা–সংক্রান্ত প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দাকোপ উপজেলায় এখন পর্যন্ত ২৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন। গত বছরের শেষ দিন পর্যন্ত ১৮৯ জন শনাক্ত হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত ১৬ জনের করোনা শনাক্ত হয়।

এলাকার প্রায় প্রতিটি বাড়িতে এখন জ্বর-সর্দির প্রকোপ বেড়েছে। অনেকে হাসপাতালে আসছেন, অনেকে বাড়িতেই ওষুধ খাচ্ছেন।
পঞ্চানন মণ্ডল, কামারখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

দাকোপের ৯টি ইউনিয়নে ২১ জুন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। অন্তত ১০ জন জনপ্রতিনিধি বলেন, করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে। এখন নির্বাচন করা খুবই ভয়াবহ হবে। বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।
খুলনা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুয়ায়ী নির্ধারিত সময়ে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন হবে।

এদিকে উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলার প্রায় প্রতিটি ঘরেই এখন এ ধরনের রোগী। তাঁদের মধ্যে জ্বর নিয়ে ভীতি থাকলেও করোনা পরীক্ষায় তেমন আগ্রহ নেই। বেশির ভাগই বিভিন্ন ফার্মেসি থেকে উপসর্গের কথা বলে ওষুধ কিনে সেবন করছেন। এভাবে ইতিমধ্যে অনেকে সুস্থ হয়েও উঠছেন।

চালনা বাজারে বসে কামারখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পঞ্চানন মণ্ডল বলছিলেন, এলাকার প্রায় প্রতিটি বাড়িতে এখন জ্বর-সর্দির প্রকোপ বেড়েছে। অনেকে হাসপাতালে আসছেন, অনেকে বাড়িতেই ওষুধ খাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, গ্রামে গ্রামে প্রচুর মানুষের জ্বর আছে। প্রচণ্ড গরম গেল, এরপর আবার বৃষ্টি হচ্ছে; এসব কারণেও জ্বর হচ্ছে। জ্বরের রোগী এলেই টেস্টের চেষ্টা করছেন। প্রতিদিন ১০-১২ জন জ্বর-সর্দি–কাশি নিয়ে আসছেন। এর মধ্যে দু–তিনজন শনাক্ত হচ্ছেন। তাঁদের মধ্যে কিছু আবার গ্রামে চিকিৎসা নিচ্ছেন। তাঁরা পরীক্ষা করাতে চান না।

দাকোপের চুনকুড়ি নদ দিয়ে ভারতে যাতায়াতকারী দেশি-বিদেশি কার্গো, লাইটার জাহাজের অধিকাংশই উপজেলা সদর চালনা বাজার এলাকায় নোঙর করে। আর নোঙর করা কার্গোর লোকজন মাঝেমধ্যে চালনা বাজার এলাকায় উঠে আসেন। স্থানীয় প্রশাসনের নিষেধ থাকলে স্থানীয় কিছু ট্রলারচালক তাঁদের জাহাজ থেকে স্থলভাগে নিয়ে আসেন।

পশুর ও চুনকুড়ি নদীর মোহনায় পুষ্পকাঠি খেয়াঘাট এলাকা। গতকাল সেখানে সাত-আটটি কার্গো, লাইটার জাহাজ নোঙর করা ছিল। ওই ঘাটে থাকা মানুষজন জানান, চালনা লঞ্চঘাট, তুলশীর খেয়াঘাট ও পুষ্পকাঠি খেয়াঘাট দিয়ে কার্গোর লোকজন বাজারে নামেন। এখন কিছুটা কম হলেও চুরি করে অনেকে স্থানীয় ট্রলারচালকদের সহায়তায় নামছেন।

স্থানীয় বাসিন্দা রিয়াজ আলী শেখ বলেন, ‘চেষ্টা করে যাচ্ছি যেন না নামে। তারপরও অনেকে চুরি করে নামাচ্ছে। বিশেষ করে চালনা লঞ্চঘাটের দু-তিনটি ট্রলার আছে, তারা এই কাজ করে।’

নাম প্রকাশ না করে এক ট্রলারচালক বলেন, ‘কার্গো থেকে নামানোর জন্য আমাকে চার লিটার তেল দিতে চেয়েছিল। আমি রাজি হইনি। পরে দেখলাম অন্য আরেকজন আট লিটার তেল নিয়ে তাদের নামিয়ে দিয়েছে।’

চালনার একজন কলেজশিক্ষক প্রথম আলোকে বলেন, দাকোপের পাশের উপজেলা মোংলায় হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে। যেকোনো সময় এখানেও পরিস্থিতি মোংলার মতো হতে পারে। আবার দাকোপের বাজুয়া ও বাণীশান্তা এলাকার অনেক মানুষ মোংলায় নিয়মিত যাতায়াত করে। এখনই কঠোর নজরদারি দরকার।

ইউএনও মিন্টু বিশ্বাস বলেন, জাহাজ-কার্গোর লোক অনেক সময় চুরি করে নামেন। ঠেকিয়ে রাখা মুশকিল। তবে স্থানীয় মানুষ, কাউন্সিলর, পুলিশ সবাইকে বলে রাখা আছে। নামলে প্রতিরোধ করার কথা। তাঁদের নজরদারি আছে, সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।