সুন্দরবনে গোলাগুলি, ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
সুন্দরবনের মরাপশুর নদের বাইনতলা এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ও কোস্টগার্ডের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির একপর্যায়ে দস্যুরা বনে পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে যাওয়া ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কোনো দস্যুকে আটক করা সম্ভব হয়নি।
মোংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. এম ফরিদুজ্জামান খানের ভাষ্য অনুযায়ী, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর নদের বাইতলা খালে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা শনিবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালান। কোস্টগার্ডের সদস্যরা ওই খালে প্রবেশ করামাত্র বনের ভেতর থেকে দস্যুরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলির ঘটনা ঘটে। কোস্টগার্ড দস্যুদের লক্ষ্য করে ২১টি এবং দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে ৫০-৬০টি গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে দস্যুরা বনের ভেতরে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে যাওয়া ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড।
লে. এম ফরিদুজ্জামান খান গতকাল বিকেল পাঁচটায় প্রথম আলোকে বলেন, ‘এখনো অভিযান অব্যাহত আছে।’