সুন্দরবনে নদে মাছ ধরতে নেমে জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের মাদার নদে মাছ ধরতে নেমে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম কেরামত আলী গাজী (৪০)। তিনি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা।

নিখোঁজ জেলের স্ত্রী রহিমা জানান, আজ সকাল সাতটার দিকে তিনি ও তাঁর স্বামী কেরামত আলী গাজী সুন্দরবনের মাদার নদে বড়শি দিয়ে মাছ ধরতে যান। সকাল সাড়ে সাতটার দিকে বড়শি পানির নিচে কিছু একটাতে আটকে যায়। এর আগেই নদে জোয়ার শুরু হয়েছিল। একপর্যায়ে বড়শি ছাড়াতে তাঁর স্বামী পানিতে নেমে ডুব দেন। এরপর আর ওঠেননি। তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। এ ছাড়া স্থানীয় থানা ও নৌ পুলিশ ফাঁড়িতেও খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত শ্যামনগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান জানান, তিনি ঘটনাস্থলে সকাল ১০টার দিকে এসেছেন। কিন্তু তাঁদের ডুবুরি দল নেই। দুপুর ১২টার দিকে তিনি এ প্রতিবেদককে বলেন, খুলনা থেকে ডুবুরি দল আসছে। তারা এলে অভিযান শুরু করবেন।
শ্যামনগর থানার উপপরিদর্শক প্রদীপ কুমার ও রামনগর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তারক বিশ্বাস জানান, নদে জোয়ার থাকায় উদ্ধার অভিযান শুরু করা যায়নি।

শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহিম বলেন, স্থানীয় লোকজন জোয়ারের মধ্যে নদে নেমে চেষ্টা করেও কেরামত আলী গাজীকে উদ্ধার করতে পারেননি। ফায়ার সার্ভিসের সদস্যরা এলেও তাঁদের ডুবুরি দল খুলনা থেকে এসে না পৌঁছানোয় উদ্ধারকাজ শুরু হয়নি।