সুন্দরবনে ৩৪টি ডিম দিয়েছে বিরল প্রজাতির কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের করমজলে ৩৪টি ডিম দিয়েছে মহাবিপন্ন প্রজাতি’র কচ্ছপ বাটাগুর বাসকা
ছবি: প্রথম আলো

সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন প্রজাতির বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপ ৩৪টি ডিম পেড়েছে। গতকাল শনিবার রাতে কেন্দ্রের কচ্ছপ লালন-পালন কেন্দ্রের পুকুর পাড়ে এ ডিমগুলো পাড়ে কচ্ছপটি। রোববার সকালে ডিমগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়েছে। ৬০ থেকে ৬৫ দিনে এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে বলে জানিয়েছেন সুন্দরবনের করমজল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

আজাদ কবির প্রথম আলোকে বলেন, ‘বাটাগুর বাসকা প্রজাতির এই কচ্ছপ আমরা খুব গুরুত্বের সঙ্গে লালন পালন করে আসছি। বংশবৃদ্ধির জন্য আমরা সার্বক্ষণিক নজরে রাখছি। এর আগেও আমাদের এখানে কচ্ছপ ডিম দিয়েছে। সেই ডিম থেকে বাচ্চাও ফুটেছে। ’

বন বিভাগ বলছে, সারা পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির কচ্ছপ আছে। এই অঞ্চলে প্রায় ২৬টি প্রজাতির কচ্ছপ পাওয়া যেত। এর মধ্যে বাটাগুর বাসকার প্রজাতির কচ্ছপ আর দেখা যাচ্ছিল না। ফলে ২০০০ সাল থেকে গবেষকেরা ধারণা করেন, পৃথিবীতে আর বাটাগুর বাসকার কোনো অস্তিত্ব নেই। তা নিশ্চিতে ২০০৮ সালে গবেষকেরা প্রকৃতিতে বাটাগুর বাসকা আছে কি না, তা খুঁজতে শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে নোয়াখালী ও বরিশালের বিভিন্ন জলাশয়ে আটটি বাটাগুর বাসকা পাওয়া যায়; যার মধ্যে চারটি পুরুষ ও চারটি নারী।

রোববার সকালে ডিমগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়েছে। ৬০ থেকে ৬৫ দিনে এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে
ছবি: প্রথম আলো

করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্র থেকে জানা যায়, নতুন করে আবারও প্রকৃতিতে ওই প্রজাতির কচ্ছপ পাওয়ার পর প্রজননের জন্য গাজীপুরে ভাওয়াল গড় নিয়ে যাওয়া হয় সেগুলোকে। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকেরা নিবিড়ভাবে লালন-পালন ও প্রজননের চেষ্টা করেন ওই কচ্ছপগুলোকে। সেখানে ভালো সাড়া না পাওয়ায় ২০১৪ সালে মূল আটটি বাটাগুর বাসকা, তাদের জন্ম দেওয়া ৯৪টি ছানাসহ করমজল প্রজননকেন্দ্রে নিয়ে আসা হয়।

করমজলে বাটাগুর বাসকার গবেষণায় বাংলাদেশ বন বিভাগের সঙ্গে আরও তিনটি সংস্থা যোগ দেয়। এগুলো হলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত জু ভিয়ানার গবেষণা দল ও যুক্তরাষ্ট্রের টার্টল সারভাইভাল অ্যালায়েন্স।

প্রকল্পের কর্মকর্তারা জানান, পৃথিবীতে কেবল উপকূলীয় অঞ্চল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারেই বসতি ছিল বাটাগুর বাসকার। কিন্তু অবাধে রিবেশ বিপর্যয়সহ নানা কারণে এরা প্রকৃতি থেকে বিলুপ্তপ্রায়। আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) এর মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ।

আরও পড়ুন

আজাদ কবির বলেন, ‘কচ্ছপের ৩৪টি ডিম ডিম বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেশনে রাখা হয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। বর্তমানে আমাদের এই প্রজনন কেন্দ্রে ৪৩৬টি কচ্ছপ রয়েছে। ’ তিনি জানান, ২০১৭ সালে দুটি কচ্ছপের ৬৩টি ডিম থেকে ৫৭টি বাচ্চা হয়। ২০১৮ সালে দুটি কচ্ছপের ৪৬ ডিম থেকে ২১ টি বাচ্চা পাওয়া যায়। ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২ টি ডিম থেকে ৩২ টি বাচ্চা পাওয়া যায়। ২০২০ সালে ১০ মে একটি কচ্ছপের ৩৫টি ডিম থেকে ৩৪টি বাচ্চা পাওয়া যায়। এসব বাচ্চা থেকে ২০১৭ সালে ২টি, ২০১৮ সালে ৫টি এবং ২০১৯ সালে ৫টি কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন নদীতে অবমুক্ত করে বন বিভাগ। চলতি বছরও এই প্রজাতির ১০টি কচ্ছপ সুন্দরবনে অবমুক্ত করার কথা রয়েছে।

করমজল কেন্দ্রের বাটাগুর বাসকা প্রজেক্টের স্টেশন ম্যানেজার আবদুর রব প্রথম আলোকে বলেন, মহাবিপন্ন প্রজাতির এই কচ্ছপের গতিবিধি, বিচরণক্ষেত্র, খাদ্যাভ্যাস ও প্রজনন সম্পর্কে জানতে এই গবেষণা চলছে। বর্তমানে সুন্দরবনের করমজল কেন্দ্রে বাটাগুর বাসকা প্রজাতির ৪৩৬টি কচ্ছপ রয়েছে।