সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় দুই জেলে আটক
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন অভয়ারণ্য নোটাবেঁকি এলাকায় চুরি করে কাঁকড়া ধরার অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোরে বন বিভাগের টহল দলের সদস্যরা তাঁদের আটক করেন।
আটক দুজন হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি গ্রামের মো. শাহজাহান আলী (৫২) ও শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মো. হোসেন (৩৫)।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্রল টিম সুন্দরবনে টহল দেওয়ার সময় জানতে পারে, ৫৫ নম্বর কম্পার্টমেন্টের নোটাবেঁকি অভয়ারণ্যে ঢুকে কয়েকজন জেলে কাঁকড়া শিকার করছেন। এরপর টহল দলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা, কাঁকড়া ধরার সরঞ্জামসহ শাহজাহান আলী ও মো. হোসেন নামের দুই জেলেকে আটক করেন।
সুলতান আহমেদ আরও জানান, আটক জেলেদের আজ দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।