সুবর্ণচরে ধর্ষণের শিকার সেই নারীকে ইউপি নির্বাচনে আবার হুমকি দেওয়ার অভিযোগ
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল। ওই মামলার বিচার শেষ না হতেই সুবর্ণচরের একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ওই গৃহবধূকে আবারও ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ওই গৃহবধূ ও তাঁর স্বামীর অভিযোগ, ইউপি সদস্য প্রার্থী আবদুল মালেক ও খলিলুর রহমান এ হুমকি দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোট দিতে গিয়ে ওই গৃহবধূ এ অভিযোগ করেন।
২০১৮ সালের ৩০ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ওই গৃহবধূর ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে রেখে তাঁকে মারধর ও দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী নয়জনকে আসামি করে মামলা করেন। ওই গৃহবধূর দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িতরা সবাই সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের লোকজন।
ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ইউপি নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে আবদুল মালেক ও খলিলুর রহমান দুজনেই ওই গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের নির্বাচনে তাঁদের পক্ষে কাজ করার প্রস্তাব দেন। এ নিয়ে নানাভাবে চাপ প্রয়োগ করেন। কিন্তু ওই গৃহবধূ ও তাঁর পরিবারের কেউ আবদুল মালেক বা খলিলুর রহমানের পক্ষে কাজ করতে রাজি হননি। এতে ওই দুই প্রার্থী ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নির্বাচনের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।
ভোট দিতে গিয়ে ওই গৃহবধূর স্বামীও একই অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে তিনি পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।
নারীর অভিযোগের বিষয়টি তিনি আজই শুনেছেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন।মো. জিয়াউল হক, ওসি, চর জব্বর থানা
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল মালেক প্রথম আলোকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ওই গৃহবধূকে কোনো হুমকি দেওয়া হয়নি। ওই নারী ও তিনি নিজে দলীয়ভাবে বিএনপির সমর্থক। ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে আবদুল মালেকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমান ইউপি সদস্য। ওই গৃহবধূর অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তিনি ওই গৃহবধূর কাছে শুধু ভোট চেয়েছিলেন। তবে তিনি কোনো হুমকি-ধমকি দেননি।
জানতে চাইলে সুবর্ণচরের চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, নারীর অভিযোগের বিষয়টি তিনি আজই শুনেছেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন। নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে আসা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ তিনি ওই এলাকায় যাবেন। এর পর ওই নারীর সঙ্গে কথা বলার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রতীকে ভোট দেওয়ায় ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ৩০ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ওই গৃহবধূর ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে রেখে তাঁকে মারধর ও দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী নয়জনকে আসামি করে মামলা করেন। ওই গৃহবধূর দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িতরা সবাই সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের লোকজন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলাটি বর্তমানে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে বিচারাধীন আছে।