সুবর্ণচরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বহিরাগত এনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা, মারধর, অগ্নিসংযোগ ও ভোটারদের ভয়ভীতি দেখানোর প্রতিবাদে ওমর ফারুক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আজ দুপুরে ইউনিয়নের চেউয়াখালী বাজারে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম। তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য লক্ষ্মীপুরের রামগতি থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে এলাকায় মহড়া দিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে চরজব্বর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব অভিযোগ তোলেন।

নির্বাচনী কার্যালয়ে হামলা, সমর্থকদের মারধর, পোস্টারে অগ্নিসংযোগ ও ভোটারদের ভয়ভীতি দেখানোর প্রতিবাদে ওমর ফারুক আজ দুপুরে ইউনিয়নের চেউয়াখালী বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে ওমর ফারুক বলেন, গত ২৬ জানুয়ারি চর হাসান ভূঁইয়ারহাটে তাঁর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন নৌকার সমর্থকেরা। এ সময় তাঁর সমর্থক ইসমাইলকে মারধর করে ডান হাতের কবজি ভেঙে দেওয়া হয়। এরপর ১ ফেব্রুয়ারি জনতা বাজারে আওয়ামী লীগের প্রার্থী তরিকুল ইসলামের উপস্থিতিতে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা হয়। এ সময় তাঁর সাত কর্মী আহত হন।

এ ছাড়া ৩ ফেব্রুয়ারি চর হাসান ভূঁইয়ারহাটে ওমর ফারুকের লিফলেট বিলি করার সময় ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ফাহিম উদ্দিনকে তরিকুল ইসলামের কর্মী–সমর্থকেরা মারধর করেন। সবশেষ গতকাল শুক্রবার চেউয়াখালী বাজারেও তাঁর কর্মী সুমনকে রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে বলে অভিযোগ করেন ওমর ফারুক। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওমর ফারুক নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নানা অপপ্রচার চালাচ্ছেন। তাঁর কোনো কর্মী ওমর ফারুকের কোনো নির্বাচনী কার্যালয়ে হামলা করেননি। ওমর ফারুকের কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি দেখানোর অভিযোগগুলো মিথ্যা। নির্বাচনে ভোটারদের কাছে হেয়প্রতিপন্ন করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের লোকজনের ওপর হামলার বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় আদালতের নির্দেশে মামলাও হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।