সুবর্ণচরে পিকআপ ভ্যান উল্টে যুবক নিহত, আহত ২
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যান উল্টে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের সুলতাননগর এলাকায় সোনাপুর-চরজব্বার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. নাছির (৩৮)। ওই পিকআপ ভ্যানে একটি বাছুরসহ চারটি গরু ছিল। এর মধ্যে একটি গরু মারা গেছে। পুলিশের ধারণা, নিহত নাছির গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। নাছির চট্টগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নাছিরের সঙ্গে থাকা মো. রুবেল (২৯) ও মো. সাজ্জাদ হোসেন (২৬) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হওয়ায় ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। তাঁদের নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাছুরসহ চারটি গরু নিয়ে ওই পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। পিকআপটি সুলতাননগর এলাকায় পৌঁছালে পেছনের বাঁ পাশের দুটি চাকা ফেটে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাছির মারা যান। এ সময় পিকআপের চাপায় একটি গরুও মারা গেছে।
সুবর্ণচরের চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) ছাগির আহমেদ প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে ওই তিন ব্যক্তি গরু চুরি করে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আহত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠলে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, সুবর্ণচর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় প্রায়ই গরু চুরির ঘটনা ঘটে। এর আগে থানা-পুলিশের অভিযানে একাধিক গরুচোর আটক হয়েছিল। সর্বশেষ গত সপ্তাহে সেনবাগ থানার পুলিশ তিনটি চোরাই গরু উদ্ধার করেছে।