সুবর্ণচরে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় হামলা, পুলিশের ফাঁকা গুলি
নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের সমর্থকদের ওপর আবার হামলা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওমর ফারুকের সংবাদ সম্মেলন শেষে তাঁর সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ওমর ফারুকের অন্তত ২৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ সময় তাঁদের প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৫টি ফাঁকা গুলি ছোড়ে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। ওমর ফারুকের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী তরিকুল ইসলামের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে আবদুল মতিন (৩২), নুরুজ্জামান (৩০), জাহেদ হোসেন (২৭), ফজলুর রহমান ২৫), মো. হারুন (৩৬), মো. আল-আমিন (২৯), ছায়েদুল হকসসহ (৫০) ১৭ জনকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্য আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তরিকুল ইসলাম ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে ওমর ফারুক আজ দুপুরে ইউনিয়নের চেউয়াখালী বাজারে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ওমর ফারুক মাইক্রোবাসযোগে চর হাসান ভূঁইয়ার হাটে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন। তাঁর গাড়ির পেছনে শতাধিক মোটরসাইকেলের বহর ছিল। এ সময় চর হাসান ভূঁইয়ার হাটে পৌঁছানোর পর হঠাৎ করে মোটরসাইকেলের বহরে দুর্বৃত্তরা হামলা চালায়।
ওমর ফারুক অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী তরিকুল ইসলামের সমর্থকেরা অস্ত্র নিয়ে তাঁর সমর্থকদের মোটরসাইকেলের বহরে হামলা চালিয়েছেন। হামলায় তাঁর অনেক কর্মী আহত হয়েছেন এবং কমপক্ষে ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
হামলার সময় ঘটনাস্থলে পুলিশের সংখ্যা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। পুলিশের সামনেই ওমর ফারুকের সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, পথসভা উপলক্ষে তাঁর লোকজন চর হাসান ভূঁইয়ার হাট বাজারে উপস্থিত ছিলেন। এ সময় ওমর ফারুক দলবল নিয়ে বাজার দিয়ে যাওয়ার পথে ওমর ফারুকের এক কর্মী নৌকার সমর্থকদের অস্ত্রের ভয় দেখান। এ সময় তাঁর কর্মীরা উত্তেজিত হয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে তাঁর কয়েকজন কর্মী-সমর্থকও আহত হয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, চর হাসান ভূঁইয়ার হাটে সভা-সমাবেশ করার বিষয়ে কোনো পক্ষই আগে থেকে অনুমতি নেয়নি। কিন্তু এরপরও নৌকার প্রার্থীর লোকজন সেখানে জড়ো হয়েছেন। ওই এলাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক ও তাঁর কর্মীরা যাওয়ার সময় নৌকা প্রতীকের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছেন। পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
জানতে চাইলে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ওমর ফারুক সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা যাওয়ার পথে চর হাসান ভূঁইয়ার হাটে তাঁর সমর্থকদের ওপর হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে ৫৫টি ফাঁকা গুলি ছুড়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।