
মাত্র দুই বছরের ব্যবধানে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল-সংলগ্ন বাইপাস সংযোগ সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সুবিধার জন্য নির্মাণ করা হলেও সড়কটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্র জানায়, নগর সম্প্রসারণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য সোনাডাঙ্গা বাস টার্মিনাল-সংলগ্ন বাইপাস সংযোগ সড়কটি নির্মাণের উদ্যোগ নেয় কেডিএ। ২ দশমিক ১৬ কিলোমিটারের ওই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ২০ কোটি ৪৮ লাখ টাকা। ২০১১ সালের ৭ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। কার্যাদেশ অনুযায়ী ২০১১ সালে কাজ শুরু করে ২০১৩ সালের ২৬ জুন শেষ করে প্রতিষ্ঠানটি। ওই বছরের ডিসেম্বরে সড়কটির ময়ূর নদের পূর্ব পারের অংশ খুলনা সিটি করপোরেশনকে ও পশ্চিম পারের অংশ এলজিইডির কাছে হস্তান্তরের চিঠি দেয় কেডিএ। সিটি করপোরেশন তাদের অংশ বুঝে নিলেও এলজিইডি নেয়নি।
সূত্র জানায়, খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ময়ূর নদের ওপর গল্লামারী নতুন সেতুর ভিত্তি নির্মাণের সময় থেকে পুরোনো সেতুতে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাজের স্বার্থে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ এটা করে। নগরে প্রবেশের জন্য বিকল্প হিসেবে তখন খুলনার বিভিন্ন অঞ্চল থেকে বাইপাস সংযোগ সড়কটি বেশি মাত্রায় ব্যবহৃত হয়। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল করায় সড়কটিতে প্রচণ্ড চাপ পড়েছে। তা ছাড়া এ বছরের বৃষ্টিও সড়কটি বেহাল হওয়ার জন্য দায়ী।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশ চাষ দেওয়া ফসলের মাঠের মতো হয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত। বিভিন্ন স্থানে পিচ ও ছোট ছোট ইট-পাথরের টুকরা উঠে ছড়িয়ে পড়েছে চারদিক। কোথাও কোথাও পিচের অস্তিত্ব নেই। সড়কের দুই পাশে চলছে ব্যক্তিমালিকানায় জমি ভরাটের কাজ। এ জন্য বালু আনা হচ্ছে। আর এসব বালু ও সড়কের ধুলা মিলেমিশে সেখানে চলাফেরা করা মুশকিল হয়ে পড়েছে। সেখানে কথা হয় কয়েকজন ট্রাকচালকের সঙ্গে। তাঁদের একজন ওয়াহেদ আলী বলেন, দিন দিন রাস্তাটি আরও খারাপ হচ্ছে। খানাখন্দ তো আছেই, বিপরীত দিক থেকে কোনো গাড়ি এলে ধুলার কারণে সামনে কিছু দেখা যায় না। এ জন্য সব সময় দুর্ঘটনার শঙ্কায় থাকতে হয়। ওই সড়কে চলাচলকারী ব্যবসায়ী মানিক হাওলাদার বলেন, সড়কটি দেখার কেউ আছে বলে মনে হয় না। প্রায়ই এ সড়কে ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
কেডিএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সড়কটির রক্ষণাবেক্ষণের প্রসঙ্গ তুলতেই এলজিইডি বলছে, শহরের সড়ক তারা মেরামত করতে পারবে না। পরিস্থিতি সামলাতে কেডিএ সওজকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী খুলনায় আসার আগমুহূর্তে সিটি করপোরেশন সড়কটি সংস্কার করবে বলে কেডিএকে চিঠি দিয়েছিল।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী-৩ মশিউজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের এস্টেট (বৈষয়িক/সম্পত্তি) শাখা সড়কটি বুঝে নিলেও প্রকৌশল শাখার বিষয়টি জানা ছিল না। প্রধানমন্ত্রী খুলনা সফরে ওই সড়ক ব্যবহারের কথা ছিল, সে সময় আমরা সংস্কার করার চিন্তা করেছিলাম। পরে সফরে ওই পথ ব্যবহারের সিদ্ধান্ত বাতিল হলে আর সংস্কার করা হয়নি। সড়কটি সংস্কার করার আপাতত কোনো পরিকল্পনা নেই।’
কেডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম বলেন, নকশা করার সময় বোঝা যায়নি এই সড়কে এত চাপ পড়বে। পরামর্শক প্রতিষ্ঠানের নকশা অনুযায়ী সড়কটির কার্পেটিং ৫০ মিলিমিটার করা হয়। দরকার ছিল ১০০ মিলিমিটার করা। বর্তমান অবস্থা কাটিয়ে ওঠার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারসহ ওভার লে কার্পেটিং করা দরকার।