সুযোগ থাকলেও সিনেট পূর্ণাঙ্গ করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট পূর্ণাঙ্গ না করে অর্ধেকের কম সদস্য নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচন করায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছা করলেই রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিসহ অন্যান্য শ্রেণির প্রতিনিধি নির্বাচন করতে পারত। কিন্তু প্রশাসন সেই পথে না গিয়ে অনেকটা একতরফাভাবে তিনজনের প্যানেল নির্বাচন করেছে।

গত শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই প্যানেলে বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল আজিজ রয়েছেন। তাঁদের মধ্যে আ আ ম স আরেফিন সিদ্দিকের তৃতীয় মেয়াদে উপাচার্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, সিনেটের মোট সদস্য ১০৫ জন। কিন্তু কয়েকটি শ্রেণির নির্বাচন না হওয়ায় বর্তমান সিনেটে ৫০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ২৫ জন, ৫ জন গবেষণা সংস্থার প্রতিনিধি, ৫ জন অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের অধ্যক্ষদের প্রতিনিধি, একাডেমিক পরিষদের মনোনীত ১০ জন ও ৫ জন ছাত্র প্রতিনিধির পদ শূন্য।

এর বাইরে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের দুজন শিক্ষক প্রতিনিধি অধিবেশন বর্জন করেন। অনুপস্থিত ছিলেন আরও ৬ জন। বাকি ৪৭ জন সদস্যের উপস্থিতিতে তিনজনের উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ সিনেট গঠন না করে উপাচার্য প্যানেল নির্বাচন আইনগতভাবে ত্রুটিপূর্ণ ও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। এটা শুধু বর্তমান উপাচার্যের সময়েই পরপর দুবার ঘটেছে। তিনি বলেন, গত বছরের নভেম্বরে সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সদস্যের মেয়াদ শেষ হয়। এই নির্বাচন করতে দুই থেকে তিন মাস সময় লাগার কথা। কিন্তু প্রায় আট মাস পেরিয়ে গেলেও প্রশাসন এই নির্বাচন দেয়নি।

উল্লেখ্য, প্রায় ৪৪ হাজার রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রয়েছেন।

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, ছাত্র প্রতিনিধি ছাড়া বাকিদের মেয়াদ তিন বছর করে। ছাত্র প্রতিনিধির মেয়াদ এক বছর। কিন্তু ২৭ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধির ৫টি পদ শূন্য হয়ে আছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সরকারের নীতিনির্ধারণের সিদ্ধান্ত জড়িত। কিন্তু অন্যান্য শ্রেণির প্রতিনিধি নির্বাচনের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই করতে পারত। কিন্তু প্রশাসন সেই পথে যায়নি। এ বিষয়টিকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের নীল দলের একটি অংশও ক্ষুব্ধ। নির্ধারিত একজনকে নিয়োগ দেওয়ার জন্য এভাবে নির্বাচন করা হয়েছে বলে তাদের অভিযোগ।

নীল দল থেকে নির্বাচন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হওয়া অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, যেকোনো সাবেক ও বর্তমান শিক্ষার্থীর আকাঙ্ক্ষা থাকবে যেন বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাঁদের মতামত প্রতিফলিত হয়। এ জন্য স্বায়ত্তশাসনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় যুক্ত করা হয়েছে। কিন্তু এই নির্বাচনে তাঁদের মতামতের প্রতিফলন না হওয়ায় এটি প্রশ্নবিদ্ধ।

তবে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, এই নির্বাচনে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সিনেটের একেক শ্রেণির প্রতিনিধি নির্বাচন একেক সময় হয়ে থাকে। মেয়াদও একেক রকম। কিন্তু সিনেট কখনো অচল থাকে না। এখানে ২৫ জন সদস্য থাকলেই অধিবেশন ডাকা সম্ভব। তাই বিদ্যমান সদস্যদের নিয়েই সিনেট অধিবেশন হয়েছে।

বিশ্ববিদ্যালেয়র সহকারী অধ্যাপক নীলিমা আকতার প্রথম আলোকে বলেন, এই ২৫ জনের বাধ্যবাধকতা সিনেট পূর্ণ হওয়ার পর প্রযোজ্য। কারণ, অনির্বাচিত প্রতিনিধিদের দ্বারা যেকোনো সভার কোরাম পূর্ণ করা সম্ভব। তাহলে আর নির্বাচনের প্রয়োজনীয়তা ছিল না।

তদন্ত কমিটি

শনিবার সিনেটের বিশেষ অধিবেশন চলার সময় বাইরে ছাত্র-শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমান, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যাপক আফতাব আলী শেখ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান। এই তিনজনই সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, এর আগেও ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এবার শিক্ষার্থীরা আন্দোলনের নামে যে ধরনের কর্মকাণ্ড করেছে, তাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বহাল ছিল না। তাই বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই কমিটি করা হয়েছে।

প্রকাশিত মন্তব্যের ব্যাখ্যা

গতকাল প্রথম আলোতে প্রকাশিত সংবাদে সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের যে বক্তব্য প্রকাশিত হয়েছে তার ব্যাখা দিয়েছেন তিনি। ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমার মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার আমাকে পরবর্তী উপাচার্য নির্বাচন না হওয়া পর্যন্ত নিয়োগ দিয়েছিল। কিন্তু নতুন সরকার গঠিত হওয়ার পর আমি অব্যাহতি চেয়ে বলি, সিনেট অসম্পূর্ণ থাকায় এখন নির্বাচন দেওয়া সম্ভব নয়।’ তাঁর বক্তব্যে এই তথ্য সুস্পষ্ট ছিল না।