সুযোগবঞ্চিত ব্যবসায়ীরা অবরোধ করলেন ম্যাংগো স্পেশাল ট্রেন
আম পাঠানোর সুযোগবঞ্চিত ক্ষুদ্র আম ব্যবসায়ীরা বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে রেললাইনে দাঁড়িয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন অবরোধ করেন। অবরোধের মুখে আম দেওয়ার সুযোগ পান তাঁরা। এতে করে ট্রেনটি বিকেল চারটার পরিবর্তে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে স্টেশন ছেড়ে যায়। আজ বৃহস্পতিবার আম বুকিং নেওয়া হয়েছে বেলা তিনটা পর্যন্ত।
বিকেল পৌনে চারটার দিকে স্টেশনে গিয়ে দেখা যায়, ৩৫-৪০ জন ক্ষুব্ধ আম ব্যবসায়ী ট্রেনের সামনে রেললাইনের ওপরে দাঁড়িয়ে ট্রেন অবরোধ করে রেখেছেন। সেখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অনলাইনে আম ব্যবসার সঙ্গে যুক্ত তানজিলা বেগম প্রথম আলোকে বলেন, এর আগে প্রতিদিন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আম বুকিংয়ের সুযোগ ছিল। কিন্তু আজ বুকিং বেলা একটার পর আর বুকিং নিচ্ছে না। এতে করে ব্যবসায়ীরা অর্ধেকের বেশি আম পাঠাতে পারছেন না। ফলে তাঁরা ট্রেন অবরোধ করে রেখেছেন।
মো. ইমরুল, নাজমুল করিমসহ আরও কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, করোনাকালে সহজে ও কম খরচে আম পরিবহনের সুযোগ করে দেওয়ার জন্যই ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। অথচ চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের আম পাঠানোর সুযোগ সংকুচিত করা হচ্ছে। এটা কুরিয়ার সার্ভিসকে সুযোগ দেওয়ার ষড়যন্ত্রের একটা অংশ বলে তাঁদের ধারণা।
একপর্যায়ে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার আব্দুল মতিন অবরোধকারীদের ট্রেনটি ছেড়ে দিতে অনুরোধ জানিয়ে ব্যর্থ হন। বিষয়টি তিনি জেলা প্রশাসনকে জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিয়াকত আলী শেখ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে স্টেশনে আসেন। বঞ্চিতদের আম পাঠানোর ব্যবস্থা করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার আগে থেকেই একটি ওয়াগন (মালগাড়ি) স্টেশনে থাকবে এবং বুকিং করা মালামাল আগে থেকেই ওয়াগনে ওঠানো হবে।
আব্দুল মতিন গত বুধবার প্রথম আলোকে বলেন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এসে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছায় বেলা সাড়ে তিনটায়। এ সময়ের মধ্যে বেশি পরিমাণ আম ট্রেনে ওঠানো সম্ভব হয় না। এ জন্য বেশি পরিমাণ আম বুকিং নেওয়া সম্ভব হয়নি। এর আগে বেশি পরিমাণ আম ওঠাতে গিয়ে ট্রেনটি দেরিতে ছাড়তে হয়। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে, বিকেল চারটার মধ্যেই ট্রেনটি ছেড়ে দিতে হবে। ফলে অল্প পরিমাণ আম নিয়েই ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। এ সময় অবরোধের মুখে পড়ে ট্রেনটি। তিনি জানান, প্রথমে ৩৭০টি প্লাস্টিক ক্যারেট ও বাঁশের ঝুড়িতে আম বুকিং নেওয়া হয়েছিল। পরে অবরোধের মুখে পড়ে আরও ৩৪০টি ক্যারেট ও ঝুড়ি বুকিং নেওয়া হয়। প্রতিটি ঝুড়িতে গড়ে ২২ কেজি আম ছিল। পরে সুযোগ দেওয়ার কারণে ট্রেনটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ছেড়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার মো. ওবাইদুল্লাহ আজ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার আম বুকিং নেওয়া হয়েছে বেলা তিনটা পর্যন্ত। ৬৯৪ ঝুড়ি আম পাঠানো হয়েছে। প্রতি ঝুড়িতে ছিল ২০ কেজি করে আম। বৃহস্পতিবার ট্রেন ছেড়েছে বিকেল ৪টা ২০ মিনিটে। আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী একটি অতিরিক্ত ওয়াগন আগে থেকেই স্টেশনে প্রস্তুত ছিল। এ জন্য আম তুলতে সহজ হয়।
অনলাইন আম ব্যবসায়ী তানজিলা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা দূর-দূরান্ত থেকে ভ্যানযোগে আম নিয়ে আসি। নানা স্থানে পুলিশ আমাদের থামিয়ে জিজ্ঞেস করে। এতে করে স্টেশনে আম নিয়ে আসতে দেরি হয়। আম নামিয়ে ফিরে যাওয়া ভ্যানগুলো রাস্তায় পড়ে আরও বিড়ম্বনায়।’ তিনি আরও বলেন, এ ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে আরও দুই ঘণ্টা পরে ছেড়ে গেলে ব্যবসায়ীদের উপকার হবে। তাঁরা আম নিয়ে এসে বুকিং দিতে সময় পাবে। কেননা বাগানে আম ভেঙে ঝুড়ি প্রস্তুত করতে করতেই দুপুর গড়িয়ে যায়। দুপুরের পর তাড়াহুড়া করে আম নিয়ে আসতে হয়।