সুযোগসন্ধানীদের দল থেকে বের করে দিতে বললেন পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন সরদারের শোকসভায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার বিকেলে সুনামগঞ্জের দিরাই শহরে
ছবি: প্রথম আলো

উন্নয়নের জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘তবে কিছু নেতা আছে, যারা ব্যবসা করার জন্য রাজনীতি করে। তারা সুযোগসন্ধানী, দুর্বৃত্ত। তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।’

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আছাব উদ্দিন সরদার স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ রোববার বিকেলে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে এই শোকসভা হয়।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালি জাতি আর পিছিয়ে থাকবে না। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের ১৮ কোটি মানুষের ঘরে বিদ্যুতের বাতি জ্বলছে। গ্রামে গ্রামে রাস্তাঘাট, স্কুল-কলেজ হচ্ছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল হচ্ছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে শেখ হাসিনার পাশে থাকতে হবে। তাঁকে সাহস ও শক্তি জোগাতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ সরকারের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম ও অবনী মোহন দাস, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায় প্রমুখ।

গত ২৬ মে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন।