সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে
সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের পানিতে সড়ক প্লাবিত হওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলায় তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে। যে কারণে পাহাড়ি ঢল নামছে। এতে জেলার সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নদ-নদী ও হাওরে বাড়ছে পানি। শনিবার দুপুর ১২টায় পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার উজান থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করে। ফলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা, আনোয়ারপুর ও দুর্গাপুর এলাকায় সড়ক প্লাবিত হয়। সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আনোয়ারপুর ও দুর্গাপুর এলাকায় প্লাবিত হওয়া অংশ কোনোরকমে পারাপার হতে পারলেও শক্তিয়ারখলা অংশে মানুষকে পারাপার হতে হচ্ছে খেয়া নৌকা দিয়ে। এতে দুর্ভোগে পড়েছেন লোকজন।
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুকশেদ আলী বলেন, তাঁর ইউনিয়নে উজানের ঢলে একটি বাজারের দোকানপাট ও কয়েকটি গ্রামের বাড়িঘরের ক্ষতি হয়েছে। অন্তত ৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। যেভাবে পাহাড়ি ঢল নামছে ও ভারী বৃষ্টি হচ্ছে এভাবে চললে দু–এক দিনের মধ্যে বন্যা হয়ে যাবে।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বলেন, বন্যা হওয়ার আগেই তাহিরপুরের মানুষ ভোগান্তিতে পড়েন। জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার থেকে তাঁরা বিচ্ছিন্ন আছেন। উপজেলার অনেক সড়ক হাওরপাড়ে হওয়ায় সেগুলো দিয়ে চলাচলে সমস্যা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আলাউর রহমান বলেন, এলাকার নিম্নাঞ্চলে পানি বাড়ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।