সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ জাপার সাংসদ শামীমের
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, ‘সরকার ১৩ বছর ধরে ক্ষমতায় আছে। এই সময়ে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আমরা সন্দিহান।’
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শামীম হায়দার পাটোয়ারি। জেলা জাতীয় পার্টির সহসভাপতি মীর তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক আহমেদ শফিসহ দলীয় নেতা–কর্মীরা।
সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, বর্তমান সরকার দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারেনি, সন্ত্রাসমুক্ত, ধর্ষণমুক্ত, বৈষম্যমুক্ত করতে পারেনি। তাঁদের আমলে ১ লাখ ২০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়েছে। দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সরকার বিদেশে টাকা পাচার ঠেকাতে পারছে না, ব্যাংক লুট ঠেকাতে পারছে না, দ্রব্যমূল্য ঠেকাতে পারছে না। অন্যদিকে দিনের পর দিন খেয়ালখুশিমতো কর বাড়িয়ে দিচ্ছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে শামীম হায়দার বলেন, বিভিন্ন সময় সাংবাদিক মহল থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠলেও সরকার তা বাতিল করেনি। সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য এ আইন করে তাঁদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চারসেল গড়ে তোলা হয়েছে। কোমলমতি ছাত্রদের জোর করে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের জীবন, সম্পদ কোনো কিছুই সরকারের কাছে নিরাপদ নয়।