সুষ্ঠু নির্বাচনের দাবিতে ‘বিদ্রোহী’ প্রার্থীদের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ‘বিদ্রোহী’ প্রার্থীদের সংবাদ সম্মেলন। ঘোষবাগ কাদেরিয়া উচ্চ বিদ্যালয়, কবিরহাট, ২৩ ডিসেম্বর দুপুর
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কবিরহাট উপজেলায় অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ স্বতন্ত্র প্রার্থী। তাঁরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আজ বৃহস্পতিবার উপজেলার ঘোষবাগ কাদেরিয়া উচ্চবিদ্যালয়ের কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২৬ ডিসেম্বর এ নির্বাচন হবে।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনে তাঁদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে নৌকার প্রার্থীরা নানাভাবে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। প্রতিটি ইউনিয়নে নৌকার প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অনেক ঘটনা ঘটছে। কিন্তু স্থানীয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এতে প্রার্থী হিসেবে তাঁদের পাশাপাশি সাধারণ ভোটাররাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ধানসিঁড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নুরুল আলম ভুঁইয়া (মোটরসাইকেল), কামাল উদ্দিন (আনারস), আবদুছ ছাত্তার (টেলিফোন), রহমত উল্যাহ (অটোরিকশা), বাটইয়া ইউনিয়নের আনোয়ার হোসেন (মোটরসাইকেল), চাপরাশিরহাট ইউনিয়নের আবু নাছের মোল্লা (মোটরসাইকেল), ইফতেখার উদ্দিন (আনারস), ধানশালিক ইউনিয়নে সাহাব উদ্দিন (আনারস), ঘোষবাগ ইউনিয়নের প্রার্থী আনোয়ার হোসেনের (অটোরিকশা) পক্ষে তাঁর ভাই জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিনের প্রতিনিধি আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন বলেন, প্রতিপক্ষ বিভিন্নভাবে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

বাটইয়ার চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বলেন, তাঁর নির্বাচনী ইউনিয়ন পার্শ্ববর্তী সেনবাগ ও কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী। ওই দুটি উপজেলায় নির্বাচন না থাকায় ওই সব উপজেলার বহিরাগতদের দিয়ে বাটইয়াতে নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়ে নানা কথা শোনাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তাঁর ইউনিয়নটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ধানসিঁড়ির চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বলেন, কয়েক দিন আগে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক দলীয় কর্মীদের ‘নির্বাচনে ঠেলি খেলার’ জন্য বলেছেন। তাঁর ওই বক্তব্যের পর সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীরই জয়ী হবেন।

ধানসিঁড়ির চেয়ারম্যান প্রার্থী রহমত উল্যাহ বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কারণে দেশে তৃতীয় লিঙ্গের লোকও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই আমরা চাই, কবিরহাটেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নজির স্থাপন করুক প্রশাসন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলা বক্স তাহের। তিনি বলেন, ‘নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরা সবাই আওয়ামী লীগের লোক। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে জনজোয়ার দেখা দিয়েছে। প্রশাসন নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে আমরা আশাবাদী। আচরণবিধি ভঙ্গের অনেক ঘটনা ঘটেছে। সরকারদলীয় লোকজন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্নভাবে হয়রানি করছে।’

স্বতন্ত্র প্রার্থীদের দাবি এবং শঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রথম আলোকে বলেন, এরই মধ্যে নোয়াখালীর কয়েকটি উপজেলায় সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই সব নির্বাচনের ধারাবাহিকতায় আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।