সুষ্ঠু ভোটের দাবিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান। আজ রোববার দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ওরফে শিপন। আজ রোববার দুপুরে স্থানীয় খলিফারহাট বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্বাচনকে সামনে রেখে তাঁর অনুসারী নেতা–কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

২৬ ডিসেম্বর দাদপুর ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেলোয়ার হোসেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন মিজানুর রহমান। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ছিলেন। বিদ্রোহী হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান অভিযোগ করেন, তিনি ও তাঁর নেতা-কর্মী, সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারসহ বিভিন্নভাবে হয়রানি করছেন নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন। প্রতিনিয়ত তাঁর নির্বাচনী কার্যালয়সহ নেতা–কর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হচ্ছে। ভোটের দিন কেন্দ্র দখল করে নেবেন বলেও সাধারণ ভোটারদের হুমকি–ধমকি দিচ্ছেন। ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছেন নৌকা প্রার্থীর লোকজন।

মিজানুর রহমান আরও অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থীর এমন কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। সংবাদ সম্মেলনে নিজের ও নেতা–কর্মীদের নিরাপত্তা চেয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মিজানুর রহমানের অনুসারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের লোকজন তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করছেন। পথসভায় যাওয়ার পথে তাঁর লোকজনের ওপর হামলা চালানো হয়েছে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব বিষয়সহ সুষ্ঠু ভোটের দাবিতে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দেওয়া হয়েছে।