সুস্থ ফুসফুস নিয়ে বেঁচে থাকার ‘লুকানো মুক্তা’ ফুসফুসীয় পুনর্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুসফুসীয় পুনর্বাসনবিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসক রাশিদুল হাসান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। আজ শনিবার মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে
ছবি: প্রথম আলো

ফুসফুসের রোগসহ শ্বাসকষ্টজনিত রোগীদের ফুসফুসীয় পুনর্বাসনের (পালমোনারি রিহ্যাবিলিটেশন) মাধ্যমে সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। এ চিকিৎসাপদ্ধতিতে রোগীদের ৮০ থেকে ৯০ ভাগ সুস্থতার সম্ভাবনা থাকে। ফুসফুসীয় রোগের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, প্যারালাইসিস, হাড়ভাঙা ও বাতরোগের চিকিৎসাতেও অত্যধিক গুরুত্ব বহন করছে ফুসফুসীয় পুনর্বাসন। এটি হচ্ছে সুস্থ ফুসফুস নিয়ে বেঁচে থাকার জন্য এক লুকানো মুক্তা।

আজ শনিবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে ‘ফুসফুসীয় পুনর্বাসন’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্যে এসব তথ্য উঠে আসে। ফুসফুসীয় পুনর্বাসন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানো এবং চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে পিওর ফোরাম।

ফুসফুসীয় পুনর্বাসন হচ্ছে ফুসফুসের রোগীদের সুস্থ করতে একধরনের থেরাপি চিকিৎসাপদ্ধতি; যা ব্যায়াম, শ্বাসপ্রশ্বাসের কৌশলের মাধ্যমে রোগীকে অনেকাংশে সুস্থ করে তোলে বলে সেমিনারে জানানো হয়।

দেশে প্রথমবারের মতো ১৩ থেকে ১৯ মার্চ ‘ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহ’ পালন করবে পিওর ফোরাম। শনিবার বেলা ১১টার দিকে এ সেমিনারে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহ-২০২২ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এতে মিডিয়া সহযোগী হিসেবে আছে প্রথম আলো।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন। এরপর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিওর ফোরামের চেয়ারম্যান ও ইনজিনিয়াস হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান বক্ষব্যাধি বিশেষজ্ঞ রাশিদুল হাসান। তিনি ফুসফুসীয় পুনর্বাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

মূল প্রবন্ধে বলা হয়, ১৯৮৪ সাল পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে বলা হতো, বিশ্রাম শ্বাসকষ্টের প্রধান চিকিৎসা। তবে পরবর্তী সময়ে গবেষণালব্ধ ফলাফলে দেখা যায়, কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতায় এবং শ্বাসকষ্টে ওষুধের চিকিৎসার পাশাপাশি অবস্থাভেদে ফুসফুসীয় পুনর্বাসন রোগীকে সুস্থ হতে সাহায্য করে, যা এখন সবার কাছেই সমাদৃত। কাজেই ফুসফুসীয় পুনর্বাসন শুধু দুই কোটি ফুসফুসের রোগীর জন্য প্রযোজ্য নয়; সারা দেশের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ রোগ, প্যারালাইসিস, হাড়ভাঙা ও বাত ইত্যাদি সব রোগীর বেলায়ও প্রযোজ্য।

ফুসফুসীয় পুনর্বাসন নিয়ে জনসচেতনতা এবং ফুসফুসীয় রোগের সঠিক রোগনির্ণয়, চিকিৎসাকে সহজলভ্য ও যুগোপযোগী করার ক্ষেত্রে পিওর ফোরামসহ বেসরকারি নানা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের এগিয়ে আসার আহ্বান জানান রাশিদুল হাসান।

রাশিদুল হাসান বলেন, সরকারের সহযোগিতায় পর্যাপ্ত প্রশিক্ষণ, অন্তত ৫০ হাজার রেসপিরেটরি থেরাপিস্ট তৈরি এবং সব স্বাস্থ্য কমপ্লেক্সসহ হাসপাতালে কিছু সাধারণ পরীক্ষা (স্পাইরোমেট্রি ও সিক্স মিনিট ওয়াক টেস্ট) চালু এবং সঙ্গে ফুসফুসের ব্যায়ামের প্রশিক্ষণ সরঞ্জামাদির ব্যবস্থা করা হলে ফুসফুসীয় পুনর্বাসনে এক আলোড়ন সৃষ্টি হতে পারে। শ্বাসকষ্টের রোগীর জন্য চিকিৎসক ও নার্স থাকলেও যত্ন করার লোকবল নেই। ফুসফুসীয় পুনর্বাসন সুস্থ ফুসফুস নিয়ে বেঁচে থাকার জন্য এক লুকানো মুক্তা।

সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশ স্বাস্থ্যসেবায় অনেক এগিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ থাকায় দেশে সংক্রমণ ব্যাধি এখন নিয়ন্ত্রণে আছে। এখন কিডনি, ক্যানসার, ডায়াবেটিস, হৃদ্‌রোগ, শ্বাসকষ্টসহ অসংক্রমণ রোগে দেশে প্রায় ৬৭ ভাগ রোগী মৃত্যুবরণ করেন। এর কারণ অনেক রোগের চিকিৎসা থাকলেও সচেতনতা নেই।

সারা দেশে স্বাস্থ্য খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রমিত রোগ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি রোগের চিকিৎসায় আটটি বিভাগে আটটি হাসপাতাল করা হচ্ছে। দেশের অনেক মানুষ শ্বাসকষ্টসহ ফুসফুসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহ উদ্‌যাপনের উদ্যোগ একটি মহৎ কাজ। এ কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

কর্নেল মালেক মেডিকেল কলেজের হৃদ্‌রোগ বিভাগের বিশেষজ্ঞ এ জেড এম আহসান উল্লাহ সেমিনারটি সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিতিতে ছিলেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মোতাহার হোসেন, হৃদ্‌রোগ বিভাগের প্রধান অধ্যাপক মো. তৌফিকুর রহমান, শিশু বিভাগের প্রধান অধ্যাপক নিহার রঞ্জন সরকার এবং বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক মো. বজলুল করিম চৌধুরী।