সুস্থ মানুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে সুস্থ মানুষকে আটকে রেখে নির্যাতন এমনকি যৌন হয়রানি করা হয়—     এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সেখানে অভিযান চালায় র‌্যাব। অভিযানের পর এ অভিযোগের সত্যতা পায় র‌্যাব।  
গাজীপুর মহানগরের ভাওয়াল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে অভিযানের সময় সেখান থেকে ৪২০ পিচ ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ ছাড়া অতিরিক্ত রোগী রাখাসহ নানা অনিয়ম পাওয়া যায় পুনর্বাসন কেন্দ্রটিতে।

অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারাও অভিযানে যুক্ত ছিলেন বলে তিনি জানান।

খন্দকার আল মঈন বলেন, কেন্দ্রে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকে শারীরিক, মানসিক নির্যাতন এবং যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। একইভাবে সেখানে চিকিৎসা নিতে আসাদের শারীরিক নির্যাতন তথা ঝুলিয়ে নির্যাতনের কিছু প্রমাণ পাওয়া গেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানিয়ে আল মঈন বলেন, ‘তাৎক্ষণিকভাবে আসায় আমরা অনেক তথ্য পেয়েছি। নিরাময়ের জন্য মাদক নিরাময় অধিদপ্তর কর্তৃক যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো এখানে অনুপস্থিত।

যারা এখানকার সেবা গ্রহীতা ছিল তাদেরকে যে খাবার দেওয়া হতো তার মান অত্যন্ত খারাপ ছিল। এখানে সর্বদা চিকিৎসক থাকার কথা থাকলেও তা ছিল না। এ রকম বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে।’

র‌্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, এখানকার মালিকসহ যে ৫ জন কর্মচারী রয়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিরাময় কেন্দ্রটিতে প্রয়োজনের তুলনায় জনবল কম ছিল। যখন এ কেন্দ্রটি চালু করা হয়েছিল তখন অনুমোদনহীন অবস্থায় চালু করা করা হয়েছিল। মাদক নিরাময় অধিদপ্তর কর্তৃক কেন্দ্রটি যখনই পর্যবেক্ষণ করা হয় তখনই কেবল প্রয়োজনীয় জিনিস দেখানো হয়েছিল। পরে সেগুলো তাঁদের ইচ্ছামতো সরিয়ে ফেলা হয়েছে। যে পরিমাণ বিছানা থাকার কথা তা নেই। তুলনামূলক বেশি রোগী রাখা হয়েছে, ভালো বাসস্থান নেই।

র‌্যাব কর্মকর্তা আল মঈন বলেন, ‘এটা একটা মাদক নিরাময় কেন্দ্র হলেও যারা পরিচালনা করছেন আসলে তাঁরা মালিকসহ সবাই মাদকাসক্ত হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। অভিযানের সময় ৪২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এখানে ২০ জনের জায়গায় ২৮ জনকে চিকিৎসাধীন পাওয়া গেছে।’

২০০৯ সাল থেকে কেন্দ্রটি পরিচালনা করা হচ্ছে। এখানে একজন রোগী পাওয়া গেছে যিনি তিন বছর যাবৎ এখানে রয়েছেন। মাদকাসক্ত নয় এমন সুস্থ ব্যক্তিদেরও জোর করে এখানে রাখা হয়েছে। বিভিন্ন সময় মারধরও করা হয়েছে। যাদের শরীরে জখমের দাগ পাওয়া গেছে এমন সাতজনকে পরীক্ষার জন্য চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। সেবাগ্রহীতা যারা পুনর্বাসন কেন্দ্রের এসব কর্মকাণ্ড নিয়ে কথা বলতে চেয়েছে তাদেরকে সন্ত্রাসী দিয়ে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এখানে ট্রিটমেন্টের প্যাটার্ন যেভাবে ছিল সেভাবে ট্রিটমেন্ট করা হয়নি।’