সূত্রবিহীন হত্যার তদন্তে মিলল ডাকাতের খোঁজ

বিভিন্ন জেলায় মহাসড়কে ডাকাতি করে আসছিলেন ইছার উদ্দিন। তাঁর বিরুদ্ধে অন্তত ১৫-১৬টি মামলা আছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা

সূত্রবিহীন (ক্লুলেস) এক পেঁয়াজ ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিরাজগঞ্জ কার্যালয়। তদন্তের সময় খোঁজ মিলেছে ডাকাত দলের। সেই দলেরই ছয় সদস্য পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যার সঙ্গে জড়িত।

গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিরাজগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম। তিনি বলেন, ডাকাত দলের ছয় সদস্যের মধ্যে ইছার উদ্দিন নামের একজনকে শনাক্তের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি আগে থেকেই কুমিল্লা কারাগারে আটক ছিলেন। জিজ্ঞাসাবাদে ইছার উদ্দিন হত্যার বিষয়ে তথ্য দিয়েছেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইছার উদ্দিন কুমিল্লা কারাগারে আটক ছিলেন। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে তথ্য দিয়েছেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রেজাউল করিম, পুলিশ সুপার, সিরাজগঞ্জ পিবিআই

রেজাউল করিম বলেন, ২০২০ সালের ১৭ নভেম্বর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুলের পাটধারী এলাকা থেকে দুজন পেঁয়াজ ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ (৩৮) নামের একজন মৃত ও শামসুল হক (৪০) নামের অপরজন আহত ছিলেন। নূর মোহাম্মদ ও শামসুল হক নাটোরের নলডাঙ্গার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহত নূর মোহাম্মদের ছোট ভগ্নিপতি জাকির হোসেন বাদী হয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মামলা করেন। রেজাউল করিম বলেন, ৬ থেকে ৭ মাস মামলাটির তদন্তকাজ স্থগিত করে ঘটনার আগে ও পরে আশপাশের এলাকায় ঘটে যাওয়া একই ধরনের ঘটনার বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করে পিবিআই। একপর্যায়ে একই ধরনের কয়েকটি ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়। এসব ঘটনায় পাট, মহিষ, পেঁয়াজ, রসুন, টাকা, মুঠোফোন ছিনতাই ও ডাকাতির তথ্য পাওয়া যায়। পিবিআই আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে একপর্যায়ে অপরাধীদের চক্রকে শনাক্ত করে।

পুলিশ সুপার বলেন, ঘটনার সময় নিহত নূর মোহাম্মদ যে স্থানে পেঁয়াজ লোড করেছিলেন, সেখানেই ইছার উদ্দিন (৪৮) নামের এক ডাকাতের অবস্থান শনাক্ত করা হয়। এরপরই তাঁর সন্ধান চালানো হয়। পরে জানা যায়, ইছার উদ্দিন একটি ডাকাতির মামলায় কুমিল্লা কারাগারে আটক আছেন।

চলতি বছরের ১১ জানুয়ারি আইনি প্রক্রিয়া শেষে ইছারকে কুমিল্লা কারাগার থেকে এনে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নূর মোহাম্মদকে খুনের ঘটনার কথা স্বীকার করেন এবং এতে আরও পাঁচজন জড়িত বলে জানান। তিনি দেশের বিভিন্ন জেলায় মহাসড়কে ডাকাতি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ অন্তত ১৫-১৬টি মামলা আছে।

ইছার উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৬ নভেম্বর তাঁর দুই সহযোগীর ফোন পেয়ে ১০ হাজার টাকায় এই কাজের চুক্তি হয়। ট্রাক চালকসহ তিন সহযোগীকে নিয়ে বগুড়া সড়কের দিকে যেতে থাকেন তাঁরা। এদিকে পেঁয়াজ ব্যবসায়ী নূর মোহাম্মদ ও শামছুল হক নাটোরের দিঘাপাতিয়ায় পেঁয়াজ নিয়ে অপেক্ষা করছিলেন। তাঁদের ওপর নজর রাখছিল ডাকাত দলের আরেক সদস্য। ট্রাকটি ব্যবসায়ীদের কাছে পৌঁছানোর পর থামিয়ে রাখা হয়। তখন দুই ব্যবসায়ী ৩৬ বস্তা পেঁয়াজ বগুড়া নিয়ে যাওয়ার জন্য ট্রাকটি ভাড়া করেন। বগুড়ার উদ্দেশে রওনা হলে পথে আরও দুজন ট্রাকে ওঠেন।

ইছার উদ্দিনের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী ট্রাকটি বগুড়ার শাকপালা এলাকায় পৌঁছালে ডাকাতেরা দুই পেঁয়াজ ব্যবসায়ীকে মারধর শুরু করেন। পরে তাঁদের সিরাজগঞ্জের হাটিকুমরুলের পাটধারী এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যান ডাকাতেরা।