সৃজনে ছন্দে আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসি আয়োজিত তিন দিনের নৃত্যানুষ্ঠানে নাচ পিরবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্স ও ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা l প্রথম আলো
টিআইসি আয়োজিত তিন দিনের নৃত্যানুষ্ঠানে নাচ পিরবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্স ও ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা l প্রথম আলো
.
.

ক্ষুদ্র পৃথিবীর অনেক কিছুই যে মায়াজালে পরিপূর্ণ, সে বিষয়টিই তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর মায়ার খেলা গীতিনাট্যে। এ গীতিনাট্যের কাহিনি আবর্তিত হয়েছে কিছু প্রণয়পিয়াসী হৃদয়ের চিরন্তন আবেগানুভূতির মধ্য দিয়ে। সেই আখ্যানের মিলনের আকুতি, বিরহের বেদনা, প্রকৃতির লাবণ্যমাধুরী আর সংগীতের সুর মূর্ছনা নৃত্যের ছন্দে স্পন্দিত হয়েছে স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের শিল্পীদের পরিবেশনায়। গত মঙ্গলবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে পরিবেশিত হলো গীতিনাট্যটি। ‘সৃজনে ছন্দে আনন্দে’ শিরোনামে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে তিন দিনব্যাপী নৃত্যায়োজনের সমাপনী দিনে এটি মঞ্চায়িত হয়।
১৮৮৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মায়ার খেলা গীতিনাট্যটি মূলত ভালোবাসার গল্প। এ নাটকে সংগীতের জালে বাঁধা পড়েছে এক জটিল প্রেমের কাহিনি। কোনো এক বসন্তের রাতে কুহকী মায়াকুমারীরা প্রমোদপুরের যুবক-যুবতীদের হৃদয় নিয়ে খেলার সিদ্ধান্ত নেয়। তরুণ-তরুণীদের হৃদয়ে প্রেম ও বাসনার অনুভূতি সৃষ্টি করে তারা। অমর, শান্তা, অশোক, কুমার, প্রমদা এই খেলার শিকার হয়। তাদের হৃদয়ে প্রেমের ব্যাকুলতা তৈরি করে মায়াকুমারীরা। ফলে প্রেমানলে জ্বলতে থাকে এই তরুণ-তরুণীরা। বিশেষ করে উচ্ছল-প্রাণচঞ্চল প্রমদার জীবনে নেমে আসে ট্র্যাজেডি। এমন কাহিনি নিয়ে রচিত মায়ার খেলা গীতিনাট্যটির নির্দেশনায় ছিলেন শুভ্রা সেনগুপ্তা। নৃত্যায়োজনের সমাপনী দিনে গীতিনাট্যটি মঞ্চায়নের পরে শুভ্রা সেনগুপ্তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন কবি অরুণ দাশ গুপ্ত। এর মাধ্যমে শেষ হয় টিআইসির তিন দিনব্যাপী নৃত্যায়োজন।
আয়োজনের দ্বিতীয় দিনে টিআইসির মঞ্চে মঞ্চস্থ হয় কাজী নজরুল ইসলামের কাব্য ও সংগীত নিয়ে কোলাজধর্মী নৃত্য ‘বাঁশরী ও তূর্য হাতে কবি’। প্রমা অবন্তীর নির্দেশনায় এক ঘণ্টা পাঁচ মিনিটের এ নৃত্যশৈলী প্রদর্শন করেন ওডিিশ অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা। বিদ্রোহ, সাম্য, প্রেম, ভক্তি—সবকিছু মিলিয়েই নজরুল। শিল্পীরা যেন কবির এই বৈচিত্র্যকেই মঞ্চে তুলে ধরলেন।
অলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া বলেন, ‘কবি নজরুলকে নিয়ে এ ধরনের নৃত্যায়োজন খুব ভালো হয়েছে। নাচের বিভিন্ন আঙ্গিক ব্যবহারের সঙ্গে সঙ্গে শিল্পী যেভাবে নাচের নিজস্ব একটা ধরনও ব্যবহার করেছেন, সেটিও ছিল ভালো। তবে গানগুলো ক্যাসেটে না বাজিয়ে কণ্ঠে পরিবেশন করলে আরও ভালো হতো।’
গত ২৬ অক্টোবর ‘নৃত্যচর্চা-এ সময়ের ছবি এবং আগামীর স্বপ্ন’ বিষয়ক মুক্ত আলোচনার মাধ্যমে শুরু হয় তিন দিনব্যাপী নৃত্যায়োজন। টিআইসির পরিচালক আহমেদ ইকবাল হায়দারের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন। প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের আহ্বায়ক অনুপম সেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া। এ ছাড়া বক্তব্য দেন নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রাম শাখার সভাপতি সঞ্চিতা দত্ত, নৃত্যশিল্পী মানসী দাশ তালুকদার, অনন্য বড়ুয়া, স্বপন দাশ প্রমুখ।