চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ১২৯ শিক্ষার্থীকে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিবাদে গতকাল বুধবার শিক্ষার্থীরা কলেজে বিক্ষোভ করে। তারা আধা ঘণ্টা হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে তাদের ভর্তি করে শিক্ষাজীবন হুমকির মুখে ফেলেছে। কলেজের অধ্যক্ষ মিহির কান্তি রায় কলেজে অনুপস্থিত থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
গত ১২ আগস্ট ‘হাজীগঞ্জে কলেজের দেড় শ শিক্ষার্থী অনিশ্চয়তায়’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে এ কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ৯৯২ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এদের মধ্যে ৮৪২ জন শিক্ষার্থীর ভর্তি অনুমোদন করে বোর্ড। দেড় শ শিক্ষার্থীর ভর্তির অনুমোদন পায়নি। এদের মধ্যে ১৮ জন অন্যত্র চলে গেছে।