সময়ের মুখ
সেই ট্রেনের যাত্রীদের ভালোবাসা ভুলব না
রেললাইন ভাঙা দেখে লাল গামছা উড়িয়ে ট্রেন থামার সংকেত দেন দুই কৃষক—মো. জিয়ারুল রহমান ও সাজদার আলী। তাঁদের সংকেতে ট্রেন থামে, প্রায় ৮০০ যাত্রী বেঁচে যান দুর্ঘটনা থেকে। ঘটনা ১৭ ফেব্রুয়ারির। এই দুজনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। জিয়ারুল রহমানই (৩২) প্রথম রেললাইনে ফাটল দেখে সংকেত দেওয়ার উদ্যোগ নেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আবুল কালাম মুহম্মদ আজাদ।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি তো এখন পরিচিত মুখ। ট্রেন থামার পর যাত্রীরা কিছু বলেছিল?
জিয়ারুল: ট্রেন যখন থামল, তখন এক শ থেকে দেড় শ যাত্রী নেমে আসে। রেললাইন ভাঙার কারণে ট্রেন থামিয়েছি শুনে তারা আমার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেছিল। তারা আমার এত প্রশংসা করল, আমার জন্য এত দোয়া করল, তাদের ভালোবাসার কথা জীবনে ভুলব না।
প্রশ্ন :
প্রথম আলো: ঘটনার দিন কোথায় যাচ্ছিলেন?
জিয়ারুল: খেজুরগাছের রস নামানোর জন্য যাচ্ছিলাম। রেললাইনের পাশেই আমাদের খেজুরের গাছ।
প্রশ্ন :
প্রথম আলো: রেললাইন যে ভেঙে গেছে, তা কীভাবে চোখে পড়ল?
জিয়ারুল: কিছু সময় আগেই সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটা যাওয়ার সময় বিকট একটা শব্দ হয়। শব্দ হলো কিসে, সেটা দেখতে গিয়েই রেললাইনের ভাঙা জায়গাটি চোখে পড়ে।
প্রশ্ন :
প্রথম আলো: লাল গামছা কোথায় পেলেন?
জিয়ারুল: রাস্তা দিয়ে জকিম উদ্দিন নামের এক চাচা হেঁটে যাচ্ছিলেন। তাঁর কাছে লাল গামছা দেখে চেয়ে নিই। আমি আর সাজদার দুইটা কাঠিতে
গামছা বেঁধে রেললাইনের দুই পাশে দাঁড়িয়েছিলাম। চালক লাল গামছা দেখে ট্রেন থামিয়ে দেন।
প্রশ্ন :
প্রথম আলো: লাল কাপড় ওড়ালে যে ট্রেন থামে, সেটা কার কাছ থেকে জেনেছেন?
জিয়ারুল: মিস্ত্রিরা যখন রেললাইন মেরামতের কাজ করেন, তখন একটা লাল কাপড় লাইনে টাঙিয়ে রাখেন। এই কাপড় দেখেই ট্রেন থেমে যায়। ছোটবেলা থেকেই এটা দেখে আসছি।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি না সাজদার—কে প্রথম রেললাইন ভাঙা অংশটি দেখতে পেয়েছিলেন?
জিয়ারুল: আমি।
প্রশ্ন :
প্রথম আলো: ট্রেন যে আসছে, সেটা কি দেখতে পেয়েছিলেন। নাকি সময়সূচি সম্পর্কে ধারণা ছিল?
জিয়ারুল: কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত আমরা রেললাইনের আশপাশেই থাকি। ভোর ছয়টায় রস নামাতে আসি। সকাল আটটার দিকে রস নিয়ে যাই। গুড় বানিয়ে আবার বেলা একটার দিকে হাঁড়ি টানানোর প্রস্তুতি নিতে আসি। কোন ট্রেন কখন যায়, সব জানি। সাগরদাঁড়ির পরেই বনলতা আসছে, এটা জেনেই গামছা নিয়ে অপেক্ষা করছিলাম।
প্রশ্ন :
প্রথম আলো: রেল কর্তৃপক্ষ কি কিছু বলেছে?
জিয়ারুল: ট্রেন থামিয়ে প্রথমে চালক নেমে এসে ধন্যবাদ জানিয়েছিলেন। পরে ফোন করবেন বলেছিলেন। এখনো করেননি।
প্রশ্ন :
প্রথম আলো: আপনাকে নিয়ে প্রতিবেদন হলো। গ্রামের লোকজন কি কিছু বলেছেন?
জিয়ারুল: বলছেন আমি নাকি বিরাট কাজ করেছি। এখন রেলে চাকরিও হয়ে যেতে পারে।
প্রশ্ন :
প্রথম আলো: পরিবারে কে কে আছে?
জিয়ারুল: আমার দুই ছেলে, স্ত্রী ও মা। ভাইয়ের স্ত্রী ও এক সন্তান। সব মিলিয়ে আটজন। আমার ছেলেরা ছোট। বড় ছেলে প্রথম শ্রেণিতে পড়ে।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি পড়াশোনা কত দূর করেছেন?
জিয়ারুল: (হাসি) আমরা গরিব মানুষ। বেশি দূর পড়াশোনা করা হয়নি। পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলে গেছি। পড়তে ও লিখতে পারি।
প্রশ্ন :
প্রথম আলো: বছরে ছয় মাস খেজুরগাছের রস নামানোর কাজ করেন। বাকি সময় সংসার চলে কী করে?
জিয়ারুল: অন্যের জমিতে কাজ করি।
প্রশ্ন :
প্রথম আলো: ছয় মাস রস নামিয়ে আয় কত হয়?
জিয়ারুল: চাষির আবার আয়ের হিসাব! খাই, পরি, দিন যায় (হাসি)।