মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে ইয়াবা বড়ি দিয়ে ওষুধের দোকানের মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক বিভাগীয় ব্যবস্থা হিসেবে কর্মস্থল কমলগঞ্জ থানা থেকে তাঁদের প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার জেলা পুলিশ সুপারের মৌখিক নির্দেশনায় আজ সোমবার সকালে পুলিশের ওই তিন সদস্য পুলিশ লাইনসে চলে যান। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও হারুন-অর-রশীদ এবং পুলিশ সদস্য আফসার হোসেন।
তিন পুলিশকে প্রত্যাহার করার খবরের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন, মৌখিক নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গত শনিবার রাত নয়টার দিকে সিরাজুল, হারুন-অর-রশীদ ও আফসার আদমপুর ইউনিয়নের মধ্যবাগ বাজারের নিউ মেডিসিন কেয়ার ফার্মেসিতে তল্লাশি শুরু করেন। তাঁরা দাবি করেন, ফার্মেসিমালিক স্বপন কুমার সিংহ ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। ফার্মেসিমালিক এর প্রতিবাদ করলেও তিন পুলিশ সদস্য কিছুই শুনতে রাজি হননি। তাঁরা একপর্যায়ে নিজেদের কাছে থাকা কয়েকটি ইয়াবা বড়ি রেখে তা উদ্ধারের নাটক করেন। এ ঘটনায় মধ্যভাগ বাজারসহ আশপাশের এলাকার মানুষ গিয়ে ওই তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, স্বপন কুমার সিংহ খুবই সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় ব্যবসায়ী। কারও ইন্ধনে পুলিশের ওই তিন সদস্য ফার্মেসিতে তল্লাশি চালান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এবং লোকজন জড়ো হতে থাকলে পাশের ইসলামপুরের ইউপি সদস্য সমুজ মিয়াসহ কয়েকজন এসে বিষয়টি পরে বসে দেখা যাবে বলে রাত ১১টার দিকে অবরুদ্ধ তিন পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন।