সেই দুই রোগী ছাড়া পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা শেষে খরচের সব টাকা দিতে না পারায় ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আটকে রাখা দুই রোগীকে গতকাল শনিবার ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে চিকিৎসার বাকি বিল নেওয়া হয়নি।
হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদের বিল পরিশোধ ছাড়াই দুই রোগীর ছাড়পত্র দেওয়ার বিষয়টি প্রথম আলোকে জানান।
গত শুক্রবার প্রথম আলোতে ‘চিকিৎসার বিল দিতে না পারায় দুই রোগী আটকা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এঁদের একজন মানিকগঞ্জের রাজবানু এবং আরেকজন নড়াইলের রিকশাচালক আলাউদ্দিন।
রাজবানু ২৮ দিন ও আলাউদ্দিন দেড় মাস পর গতকাল দুপুর ১২টার দিকে স্বজনদের সঙ্গে হাসপাতাল ত্যাগ করেন। রাজবানুর স্বামী মতিয়ার রহমান বলেন, ‘প্রথম আলোতে খবর প্রকাশ হইছে বইলাই আমরা ছাড়া পাইলাম। নাইলে আমাগো আরও আটকাইয়া রাখত।’ আর আলাউদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘অনেক দিন পর আমরা বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি।’
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব বাস্তা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী রাজবানু সড়ক দুর্ঘটনায় আহত হন। গত ১৬ অক্টোবর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নয় দিন পর গত ২৪ অক্টোবর তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় তাঁকে ছাড়া হয়নি। গত বুধবার পর্যন্ত রাজবানুর চিকিৎসা বিল দাঁড়ায় ২ লাখ ৭৩ হাজার ৯৮৩ টাকা। এর মধ্যে ধার-দেনা করে ৩৭ হাজার ৬৯৮ টাকা পরিশোধ করেছিলেন মতিয়ার রহমান।
নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আলাউদ্দিন গত ২৪ সেপ্টেম্বর বাসের ছাদ থেকে পড়ে আহত হন। কয়েক দিন যশোরে চিকিৎসার পর তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাঁকে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন স্বজনেরা। কিন্তু প্রায় দুই লাখ টাকা বিল পরিশোধ করতে না পারায় তাঁকে ছাড়া হয়নি। গত বুধবার পর্যন্ত আলাউদ্দিনের চিকিৎসা বিল দাঁড়ায় ৯ লাখ ১৪ হাজার ৭২৩ টাকা। এর মধ্যে জমি বিক্রি করে তাঁর পরিবার পরিশোধ করেন ১ লাখ ৮৯ হাজার ১১৪ টাকা।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল হাসপাতালের চেয়ারম্যান মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
হাসপাতালের পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান বলেন, হাসপাতালের চেয়ারম্যান সাংসদ এনামুর রহমানের নির্দেশে দুই রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।