সেই নবজাতকের ঠাঁই হলো শিশুনিবাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নবজাতক মেয়েসন্তানকে হাসপাতালে ফেলে রেখে চলে গেছেন মা–বাবা
প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতককে ফেলে রেখে পালিয়ে যাওয়া মা-বাবার সন্ধান পাওয়া যায়নি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সোমবার নবজাতককে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সিলেট শিশুনিবাসে পাঠিয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকেলে স্ত্রী সাইদা বেগমকে নিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়া পরিচয়ে একজন হাসপাতালে যান। বিকেলে তাঁদের এক কন্যাসন্তানের জন্ম হয়। নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে সন্ধ্যার দিকে শিশুটির মা–বাবা তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, হাসপাতালে ভর্তির সময় দেওয়া তথ্যে যোগাযোগ করে এই নামের কোনো দম্পতির খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি তাঁরা জগন্নাথপুর থানা–পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরকে লিখিতভাবে জানান। পরে সমাজসেবা অধিদপ্তর শিশুটির দায়িত্ব নেয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিলাল হোসেন বলেন, শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের সিলেট শিশুনিবাসে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি হয়ে পালিয়ে যাওয়া দম্পতির খোঁজ মেলেনি। তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন