চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যুর পর উন্মুক্ত নালার পাশে ইটের দেয়াল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই দেয়াল নির্মাণ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুরোধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই দেয়াল নির্মাণ করে বলে জানা গেছে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়া গত সোমবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদে শেখ মুজিব সড়কের সঙ্গে যুক্ত নালায় পড়ে যান। চোখের চিকিৎসকের পরামর্শ নিয়ে নানা হাজি জামাল ও মামা মো. জাকির হোসেনের সঙ্গে বাসায় ফেরার পথে পা পিছলে নালায় পড়ে যান শেহেরীন। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে শেহেরীনের সহপাঠী ও এলাকাবাসী মঙ্গল ও বৃহস্পতিবার নগরের আগ্রাবাদ ও হালিশহর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
গত তিন মাসে উন্মুক্ত খাল ও নালায় পড়ে চারজনের মৃত্যু হয়েছে। নগরের মুরাদপুরে চশমা খালে তলিয়ে যাওয়া ছালেহ আহমেদের (৫০) খোঁজ পাওয়া যায়নি। এভাবে একের পর এক মৃত্যুর ঘটনায় নগরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
নগরের শেখ মুজিব সড়কের ওপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে সিডিএ। বর্তমানে সড়ক ও দুই পাশের নালা সিডিএর আওতাভুক্ত বলে দাবি করে আসছে সিটি করপোরেশন। নালায় পড়ে ছাত্রীর মৃত্যুর পর এ ঘটনার জন্য সিডিএকে দায়ী করে সিটি করপোরেশন। তবে সিডিএর পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল তাদের আওতাভুক্ত নয়। এটি সিটি করপোরেশনের নালা।
সিটি করপোরেশন ও সিডিএ সূত্র জানায়, নালার মালিকানা নিয়ে পাল্টাপাল্টি বিরোধ থাকলেও বৃহস্পতিবার সেখানে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে সিডিএর প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর নালার পাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণের সিদ্ধান্ত হয়।
সিডিএর কোনো প্রকৌশলী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন প্রকৌশলী জানান, সিটি করপোরেশনের উদ্যোগে নালা নির্মাণ করা হয়েছে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ প্রথম আলোকে বলেন, পথচারীদের চলাচলের সুবিধার্থে উন্মুক্ত নালাটির পাশে স্থায়ী নিরাপত্তাবেষ্টনীর উদ্যোগ নেওয়া হয়। দুর্ঘটনার পরদিন বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী বেষ্টনী দেওয়া হয়েছিল। আর স্থায়ী বেষ্টনীর বিষয়ে সিডিএকে অনুরোধ করলে তারা ইতিবাচকভাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতে তা নির্মাণ করে দেয়। অবশ্য সিডিএ না করলে নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশন তা করে দিত।