সেই পাঁচ সন্তানের মধ্যে আরও একজনের মৃত্যু
কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে জন্ম নেওয়া সেই পাঁচ সন্তানের মধ্যে আরও একজন মারা গেছে। রোববার রাত দুইটার দিকে রাজধানীর ধানমন্ডির উইমেন্স অ্যান্ড চিলড্রেন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়।
এর আগে গত বুধবার জন্মের কয়েক ঘণ্টার ব্যবধানে অক্সিজেনের অভাবে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। এ নিয়ে গত পাঁচ দিনে তিনজন মারা গেল। অপর দুই নবজাতক (এক ছেলে ও এক মেয়ে) ধানমন্ডির ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে রোববার রাতে প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘দুই নবজাতকের মৃত্যু, তিনটিকে বাঁচাতে বাবার আকুতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দেশ-বিদেশ থেকে অনেকে নবজাতকদের বাবা মাদ্রাসাশিক্ষক মিজানুর রহমানকে সহযোগিতা করার জন্য যোগাযোগ করেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে বিভিন্ন ব্যক্তি অর্ধলাখ টাকার ওপরে সহযোগিতা করেছেন। এ জন্য মিজানুর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
গত বুধবার দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার নামের এক গৃহবধূ। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। জন্মের পর শিশুদের ওজন কম হওয়ায় তাদের নিয়ে কুমিল্লা মডার্ন হাসপাতালের উদ্দেশে রওনা হন শারমিনের স্বামী মাদ্রাসাশিক্ষক মিজানুর রহমান। হাসপাতালে যাওয়ার পথে অক্সিজেনের অভাবে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। অপর তিনজনকে কুমিল্লা মডার্ন হাসপাতালের ইনকিউবেটরে রাখ হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাদের ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে শয্যা না পেয়ে ধানমন্ডির উইমেন্স অ্যান্ড চিলড্রেন জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
লাকসাম জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ লতিফা আক্তার বলেন, ওই প্রসূতি নারী সাত মাসের গর্ভবতী ছিলেন। হাসপাতালে আসার পর তাঁর আলট্রাসনোগ্রাফি করা হয়। এতে দেখা গেছে, তাঁর পেটে চারটি বাচ্চা আছে। এরপর তাঁকে স্যালাইন দেওয়া হয়। পরে তিনি স্বাভাবিকভাবে একে একে পাঁচটি বাচ্চা প্রসব করেন। ৭ থেকে ১০ মিনিটের ব্যবধানে বাচ্চাগুলো একে একে ভূমিষ্ঠ হয়। কিন্তু তাদের ওজন কম ছিল। ফলে মা ও বাচ্চাগুলোকে উন্নত পরিবেশে ইনকিউবেটরে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়।